ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর পাকিস্তান ক্রিকেটে আসে বড় পরিবর্তন। টেস্ট নেতৃত্ব পান শান মাসুদ, আর টি২০তে অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। প্রথম মিশনেই ব্যর্থ শান মাসুদ। অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয় পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি২০ সিরিজের প্রথম চারটিতেই হেরে বসে শাহিন শাহ আফ্রিদির দলটি। এশিয়ার দলটি অবশ্য হোয়াইটওয়াশ এড়াতে সমর্থ হলো। আজ ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে রেকর্ড গড়ে ৪২ রানে কিউইদের হারায় অতিথি দলটি।

 

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৪ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে কিউইরা মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের মাঠে এত কম রান করে আগে কোনো দল আন্তর্জাতিক টি২০ ম্যাচ জেতেনি। আগের রেকর্ডটি ছিল ১৫৬ রানের। ২০২১ সালে বোর্ডে ১৫৬ রান তুলে জিতেছিল অজিরা।

 

আবার ঘরের মাঠে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এটা নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ২০১০ সালে এই পাকিস্তানের বিপক্ষেই ক্রাইস্টচার্চে ৮০ রানে অলআউট হয়েছিল তারা।

 

মোহাম্মদ রিজওয়ান (৩৮ বলে ৩৮) ও ফখর জামানের (১৬ বলে ৩৩) ব্যাটে ভর দিয়ে ১৩৪ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। টিম সাউদি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ও ইস সোধি দুটি করে উইকেট নেন। এরপর পাকিস্তানের স্পিনের কাছে ধরাশায়ী হয় কিউইরা। ইফতিখার আহমেদ ২৪ রানে নেন তিনটি উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ দুটি করে এবং উসামা ও জামান খান একটি করে উইকেট নেন।

 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৩৪/৮। নিউজিল্যান্ড: ১৭.২ ওভারে ৯২/১০। ফল: পাকিস্তান ৪২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইফতিখার আহমেদ (পাকিস্তান)। সিরিজ: নিউজিল্যান্ড ৪-১-এ জয়ী।