টোকিও অলিম্পিকে আজ পুরুষদের বাস্কেটবল ফাইনাল ফ্রান্সকে ৮৭-৮২ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। অলিম্পিকে সর্বশেষ আট আসরে এটা যুক্তরাষ্ট্রের সপ্তম মুকুট।
যুক্তরাষ্ট্রের এ সাফলের মধ্য দিয়ে অলিম্পিকে মা-ছেলের স্বর্ণ জয়ের অনন্য ইতিহাস রচিত হলো। যুক্তরাষ্ট্রের হয়ে টোকিওতে স্বর্ণ জিতলেন জাভ্যালে ম্যাকগি। তার মা পামেলা ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস গেমসে যুক্তরাষ্ট্র নারী বাস্কেটবল দলের হয়ে স্বর্ণ জিতেছিলেন। যুক্তরাষ্ট্র অলিম্পিক ইতিহাসে এমন নজির আর নেই। যদিও অন্য মা-ছেলের অলিম্পিক স্বর্ণ জয়ের আরেকটি নজির আছে রাশিয়ায়। ১৯৬০ সালে ফেন্সিংয়ে মা ও ১৯৮০ সালে ওয়াটার পোলোতে ছেলে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। যদিও একই খেলায় মা-ছেলের স্বর্ণ জয়ের নজির আমেরিকানদেরই প্রথম।
এ নিয়ে বাস্কেটবল ম্যাকগি বলেন, এটা অবিশ্বাস্য এক অনুভুতির। আমি স্বর্ণপদক জিতেছি। আমার মা-ও স্বর্ণপদক জিতেছেন। মা-ছেলে হিসেবে আমরাই প্রথম এটি করেছি। অসাধারণ অনুভুতি। আসলে এটি ব্যাখ্যা করা যাবে না।
৩৩ বছর বয়সী জাভ্যালে তিনবারের এনবিএ চ্যাম্পিয়ন। ৭ ফুট উচ্চতার এই তারকা বর্তমানে খেলেন ডেনভার নাগেটসের হয়ে।










