বাংলাদেশ হকির যখন চরম দুঃসময় তখন ঢাকার মাঠে চলছে বড় এক টুর্নামেন্ট। হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালীর দলগুলোর সঙ্গে লড়াইয়ের সুযোগ পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু এই আসরটি কী বাংলাদেশের জন্য শুধু অংশগ্রহণেই গৌরব হয়ে থাকবে, নাকি এটি দেশের ঘুমিয়ে পড়া হকিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ফিরিয়ে আনবে সোনালি অতীত।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি ভারতের কাছে ৯-০ গোলে স্রেফ উড়ে গেছে স্বাগতিক দল। দলটি ঘুরে দাঁড়িয়ে শুক্রবার দুর্দান্ত লড়াইশেষে ২-৩ গোলে হার মানে দক্ষিণ কোরিয়ার কাছে। গতকাল আবার ছন্দপতন, জিমিরা ৫-০ গোলে হেরেছেন জাপানের কাছে। আজ পুল পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান।

একটা সময় বিশ্বকাপ, অলিম্পিকের মতো আসরগুলো সাফল্যের রঙে রাঙিয়েছে অখণ্ড ভারত। ১৯৪৭-পরবর্তী দেশভাগের পর ভারত ও পাকিস্তান ছিল বিশ্ব হকির দুই সুপার পাওয়ার। ভারত আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন, আর পাকিস্তান অলিম্পিক মুকুট জিতেছে তিনবার। এর মধ্যে দুইবার অলিম্পিক ফাইনালে মুখোমুখি হয়েছে উপমহাদেশের দুই চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তান। এ থেকেই অনুমান করে নেয়া যায়, উপমহাদেশের হকি বিশ্বে কতটা প্রতাপশালী ছিল একটি সময়।

প্রশ্ন জাগতেই পারে, অখণ্ড ভারত ও পরবর্তী সময়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করা বাংলাদেশ ওই দুই পরাশিক্ত থেকে হকির ঐতিহ্য ও উত্তরাধিকার কতটা পেয়েছে? ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর দুই প্রতিবেশীর আধিপত্যের মধ্যে বেড়ে উঠেছে বাংলাদেশ হকি।

১৯৪৭ সালে দেশভাগের পর তত্কালীন পূর্ব পাকিস্তান থেকে উল্লেখযোগ্য হকি খেলোয়াড় ও সংগঠক ভারতে চলে যান। ফলে স্থানীয় হকিতে শূন্যতা দেখা যায়, যা কাটিয়ে ওঠা ছিল কঠিন আর অনেকটাই অসম্ভব।

স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে অন্য সেক্টরের মতো পূর্বাঞ্চলের হকিও বৈষম্যমূলক নীতির শিকার হয়েছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর নতুন শূন্যতা সৃষ্টি হয়। নতুনভাবে ঢেলে সাজাতে হয় এ অঞ্চলের হকিকে। ১৯৭৩ সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও ১৯৭৫ সালে এশিয়ান হকি ফেডারেশনের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ হকিতে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি হয় ১৯৮৫ সালে। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ হকিতে বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে হারলেও দারুণ লড়াই করে প্রশংসা কুড়ায় লাল-সবুজরা।

ওই সময়ের বিশ্বনন্দিত তারকাদের স্টিক ওয়ার্ক টিভি পর্দায় দেখে হকিতে বুঁদ হয়ে ওঠে গোটা দেশ! যাকে বলা হয় ‘হকিবিপ্লব’। অলি-গলিতে গাছের ডালপালা দিয়ে কিশোর-তরুণদের হকি খেলতে দেখা যায়। সুষ্ঠু পরিকল্পনার অভাব আর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সে উচ্ছ্বাসে ভাটা পড়ে দ্রুতই। হকির রঙ হারানোর পাশাপাশি নব্বইয়ের শেষ দিকে দেশে ক্রিকেটের উত্থান ঘটলে যুবসমাজ হকির প্রতি আগ্রহ হারাতে থাকে। হকি এখন মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও বিকেএসপিতে সীমাবদ্ধ।

ঘাসের প্রাকৃতিক মাঠ ছেড়ে কৃত্রিম টার্ফে ওঠার পর হকিতে উপমহাদেশের রাজত্ব খর্ব হয়। এখন কর্তৃত্ব করছে জার্মানি, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার মতো দল। গতিময় হকির সে ধারায় তাল মেলাতে না পারায় বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্যর পথটাও কঠিন হয়ে গেছে।

বৈশ্বিক হকির গতির সঙ্গে পেরে না ওঠা ছাড়াও রয়েছে স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপ আর অন্তর্দ্বন্দ্ব। মাঠের লড়াই ছাপিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয় ক্লাবগুলোর কোন্দল, অনিয়ম, সংঘাত আর ম্যাচ পাতানোর মতো বিষয়। এতে ক্রমেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ হকি।

খেলোয়াড়দের আয়ের একমাত্র উৎস লিগ, যা অনিয়মিত মাঠে গড়ানোই যেন এখন অলিখিত নিয়ম। এ কারণে তরুণদের মধ্যেও হকি সম্পর্কে অনাগ্রহ দিন দিন বাড়ছেই। সবকিছুর যোগ ফলে দায়সারাভাবে চলছে বাংলাদেশ হকি।

ভারতের কাছে বড় হার ও কোরিয়ার সঙ্গে লড়াই নিয়ে বাংলাদেশ হকিতে প্রখ্যাত সাদেক-কামাল জুটির অন্যতম, বাংলাদেশ হকির অন্যতম সেরা তারকা, সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক রফিকুল ইসলাম কামাল, দেখেন, আমরা সবসময়ই বলি বাংলাদেশের সামর্থ্য আছে ভালো খেলার। আজকে (শুক্রবার কোরিয়া ম্যাচে) তারা সেটা প্রমাণ করেছে। ভারত ম্যাচে প্রথম কোয়ার্টারে ভালো খেললেও পরবর্তী সময়ে ছন্দ হারালে তা আর ধরে রাখতে পারেনি। আর ভারত কিন্তু শক্তিশালী একটি দল এবং একই ছন্দে খেলে গিয়েছে। তারা এবার অলিম্পিকে ব্রোঞ্জ জয় করেছে, বিশ্বে তিন নম্বর দল। পার্থক্যটা অনেক। আর আমার কাছে মনে হয়, ওই ম্যাচে বাংলাদেশ অনেক ভুল করেছে। যার কারণে এতগুলো গোল আমাদের বিপক্ষে হয়েছে। এসব দলের বিপক্ষে জয় আশা করা কঠিন, তবে আমরা যদি সামর্থ্য মতো খেলি তবে ভালো ফল আসবে এবং ভালো লড়াই করার সামর্থ্য আমাদের আছে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেশের হকিকে উপকৃত করবে বলে মনে করেন কামাল। তার কথায়, এটা তো আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। এশিয়ার ৯ নম্বর দল হিসেবে আমরা এই টুর্নামেন্টে খেলতে পারছি শুধু স্বাগতিক হওয়ার কারণে। আমরা বড় দলের সঙ্গে কখনো কখনো খেলি, তবে একই সময় বড় চারটি দলের সঙ্গে কখনো খেলা হয়ে ওঠেনি আমাদের। স্বাগতিক হওয়ার কারণে কিন্তু আমরা এ সুযোগটা পেয়েছি। বড় দলের সঙ্গে যদি ভালো খেলা যায় তবে টিম উদ্দীপ্ত হয়, সাহসী হয়, কনফিডেন্ট লেভেলটা বেড়ে যায়। এমন বড় বড় টুর্নামেন্ট যদি বাংলাদেশ খেলতে পারে, তবে তা বাংলাদেশ হকির জন্য প্লাস পয়েন্ট।