পর্তুগিজ
সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, ‘সম্ভবত’ সৌদি লিগের ক্লাব আল-নাসের থেকেই
তিনি অবসর নেবেন।
৩৯
বছর বয়সী ফরওয়ার্ড ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি পেশাদার
লিগের দল আল-নাসেরে যোগ দেন। মাঝেমধ্যেই তাকে ঘিরে গুঞ্জন শোন যায় যে, তিনি হয়তো নিজ
দেশের ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে যাবেন, যেখানে ক্যারিয়ার শুরু হয়েছিল তার।
কিন্তু
রোনালদো বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর করে দিলেন নিজেই। পর্তুগিজ এক টিভি চ্যানেলকে তিনি
বলেছেন, ‘জানি না শিগগিরই কিনা, কিংবা দু-তিন বছর পর অবসর নেব কিনা। তবে এটা ঠিক, আমি
সম্ভবত আল-নাসের থেকেই অবসর নেব। এই ক্লাবে আমি সুখে আছি, এই দেশেও আমি ভালো আছি। সৌদি
আর খেলে আমি খুশি, এখানেই চালিয়ে যেতে চাই।’
রিয়াল
মাদ্রিদ ও জুভেন্টাসে খেলা রোনালদো ক্লাব ফুটবলে মোট ৮৯৮ গোল করেছেন। জাতীয় দলের হয়ে
করেছেন রেকর্ড ১৩০ গোল। তবে এখনই বুটজোড়া তুলে রাখতে চান না। তিনি খেলে যেতে চান যতদিন
পারেন।
এ
নিয়ে তার কথা, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব তখন কাউকে আগাম জানাব না। আমার দিক থেকে সেটি
হবে খুবই স্বতস্ফূর্ত সিদ্ধান্ত, যদিও খুব ভেবেচিন্তে নেয়া হবে সেই সিদ্ধান্ত। এখন
যেটা ভাবনা, আসন্ন ম্যাচগুলোতে আমি আমার দলকে সাহায্য করতে চাই। সামনেই নেশন্স লিগের
খেলা আছে, আমি তাতে দলকে সাহায্য করতে চাই।’
৫
সেপ্টেম্বর ক্রোয়েশিয়া ও তার তিনদিন পর স্কটল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। এরপর
১২ অক্টোবর পোল্যান্ড ও ১৫ অক্টোবর ফের স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে রোনালদোর দল।
পাঁচবারের
ব্যালন ডি’অরজয়ী রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে চারবার ও ম্যানইউর হয়ে একবার চ্যাম্পিয়ন্স
লিগ শিরোপা জিতেছেন।










