এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের সামনে একের পর এক কঠিন বাধা। ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরিকে নিয়ে গড়া ‘ডেথ’ গ্রুপ থেকে কঠিন পরীক্ষা দিয়ে তৃতীয় হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। কিন্তু স্বস্তি আর আত্মতৃপ্তির সুযোগ নেই পর্তুগিজদের। শেষ ষোলোয় তাদের সামনে বিশ্বের শীর্ষ র্যাংকধারী দল বেলজিয়াম। স্পেনের সেভিয়ায় আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এই হাইভোল্টেজ ম্যাচ। তার আগে রাত দশটায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে চেক রিপাবলিকের।

ইউরোর শেষ ষোলো রাউন্ডে বেলজিয়াম-পর্তুগাল ম্যাচটিই সবচেয়ে বেশি আলোতে থাকছে। ডিফেন্স, মিডফিল্ড আর আক্রমণভাগ মিলে দুরন্ত দল বেলজিয়ামের মুখোমুখি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। রাশিয়াকে ৩-০, ডেনমার্ককে ২-১ ও ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে বেলজিয়াম। অন্যদিকে নকআউটে ওঠার পথে পর্তুগালের যাত্রা ছিল উত্থান-পতনের। হাঙ্গেরিকে ৩-০ গোলে হারানোর পর জার্মানির কাছে ২-৪ গোলে শোচনীয়ভাবে পরাজয়ের লজ্জা পান রোনালদোরা। শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোর টিকিট পায় পর্তুগাল। রোনালদো দুটি গোল করে দলকে নকআউটের টিকিট এনে দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মাইলফলক ছুঁয়েছেন।

কাল অগ্নিপরীক্ষায় নামার বেলজিয়াম দলের হেড রবার্তো মার্টিনেজ বলেন, পর্তুগাল সহজ প্রতিপক্ষ হবে না, কিন্তু গত কয়েক মাস ধরে আমরা এমন সব ম্যাচের জন্য তৈরি হয়েছি। আপনি এখন না আরো পরের রাউন্ডে তাদের মুখোমুখি হলেন, তার ওপর কিছু যায় আসে না। এমন ম্যাচের জন্য একটি দল হিসেবে আপনাকে সব সময় তৈরি থাকতে হবে।

নিশ্চিতভাবে বেলজিয়ান শিবিরে আতঙ্ক ছড়াবেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড রোনালদো। তাকে থামানোর কৌশল নিয়ে বেলজিয়ান ডিফেন্ডার টবি অল্ডারউইরেল্ড বলেন, রোনালদোকে থামানোর সেরা উপায় কি? এটা করতে হবে একটি দল হিসেবে। এটাই কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা। আলো হয়তো রোনালদোর ওপরই থাকছে, কিন্তু তাদের দলে আরো বেশ কিছু উঁচুমানের খেলোয়াড় রয়েছে। আমরা বের্নার্দো সিলভা কিংবা দিয়োগো জোটাকো ছোট করে দেখছি না। তারা অবিশ্বাস্য খেলোয়াড়। আমরা তাদের দলটিকে অবশ্যই অবজ্ঞা করছি না।