প্রথম ম্যাচে বাজে ব্যাটিং প্রদর্শনীতে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দল এখন দ্বীপদেশে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে স্বাগতিক শ্রীলংকা সিরিজ জয়ের সুযোগ হারিয়ে হয়তো ভীষণ আক্ষেপই করছে। আজ শেষ ম্যাচে প্রবলভাবে ফিরতে পারে চারিত আসালঙ্কার দল, মরিয়া হয়ে খেলবে সফরকারীরাও। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
দ্বিতীয় ওয়ানডের ইতিবাচক পারফরম্যান্স আশা দেখায় বাংলাদেশকে। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন আর তাওহীদ হৃদয় দুর্দান্ত লড়াই করেন। চমক দেখান শামীম হোসেন। তাকে টেলএন্ডে রান তোলার জন্য ডাকা হলেও তিনি সফল বল হাতে। ৯ ওভারে ২২ রান দিয়ে লংকান অধিনায়ক আসালঙ্কাকে আউট করার কৃতিত্ব দেখান।
শেষ ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি করতে চাইবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত উভয় ম্যাচে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। রান পাননি মিরাজও। তাওহীদ ও জাকের আলী উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন। জাকেরের কাছ থেকে আরো ভালো ইনিংসের আশায় তাকে ব্যাটিং অর্ডারের সাত থেকে ওপরের দিকে খেলানো হতে পারে।
কলম্বোয় প্রথম ম্যাচে শ্রীলংকার জয়ের নায়ক দুই স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, আর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে জেতান স্পিনার তানভীর ইসলাম। পাল্লেকেলের উইকেটে অবশ্য স্পিন নয়, পেসই আধিপত্য করবে। তবে এখানকার পিচ মূলত ব্যাটিংবান্ধব, অনেক বেশি রান উঠতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস বলছে, ম্যাচ ছোট হয়ে আসতে পারে, আবার বাতিলও হতে পারে। এখানে সর্বশেষ পাঁচটি ওয়ানডেই ছোট পরিসরে হয়েছে এবং সর্বশেষটি বাতিলই হয়ে যায়।










