চলতি ‘আনপ্রেডিক্টেবল’ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ কোয়ার্টার ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তি ইতালির মুখোমুখি হবে ফিফা র্যাংকিংয়ে এক নম্বর দল বেলজিয়াম। আজ আরেক কোয়ার্টার ফাইনালে তিনবারের সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইজারল্যান্ড-স্পেন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়, আর ইতালি-বেলজিয়াম ম্যাচ শুরু হবে একটায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন চ্যানেলে।
অনবদ্য ফর্মে রয়েছে বেলজিয়াম, যারা শেষ ষোলোয় হারিয়ে এসেছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে। এছাড়া গ্রুপ পর্বেও টানা তিন জয় তুলে নেয় রবার্তো মার্টিনেজের দল। এমন আত্মবিশ্বাসী একটি দলকে মোকাবেলার মতো কঠিন পরীক্ষাই দিতে হবে রবার্তো মানচিনির ইতালিকে। আজ্জুরিরা শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে।
ফর্মের বিচারে বেলজিয়াম এগিয়ে থাকলেও ইতিহাস কিন্তু ইতালির পক্ষে। মুুখোমুখি লড়াইয়ে আজ্জুরিদের ১৪ জয়ের বিপরীতে বেলজিয়াম চারটিতে জিতেছে, ড্র হয়েছে চার ম্যাচ।
এদিকে স্পেনের সামনে কাগজে-কলমে সুইজারল্যান্ড ‘ছোট’ দল হলেও তা ভাবার আর সুযোগ নেই। শেষ ষোলোয় এই সুইসরা টুর্নামেন্টের হট ফেভারিট ও দুইবারের বিশ^চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে এসেছে! নির্ধারিত ৯০ মিনিট ও এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারকাখচিত ফ্রান্স। পরিশেষে টাইব্রেকারে প্রতিবেশী পরাশক্তিকে হারিয়ে চমক দেখায় সুইজারল্যান্ড। তাই আজ সুইসদের সমীহ করেই মাঠে নামতে হচ্ছে লুই এনরিকের স্পেনকে।
স্পেন-সুইস দ্বৈরথের ইতিহাস একপেশে। সুইজারল্যান্ডকে ১৬ বার হারিয়েছে স্পেন, হেরেছে একটিতে; ড্র হয়েছে পাঁচটি ম্যাচ।










