টাইব্রেকে মোট পয়েন্ট হলো ৪২, সম্মিলিতভাবে ম্যাচ পয়েন্ট ছিল ১৪টি, টাইব্রেক স্থায়ী হয় ৩১ মিনিট। এটাই গ্র্যান্ডস্লামের ইতিহাসে এককে দীর্ঘতম টাইব্রেক।

 

আজ বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে এমনই এক রোমাঞ্চকর টাইব্রেকের অংশ হলেন তৃতীয় বাছাই এলিনা রিবাকিনা ও আন্না ব্লিনকোভা। দুজনই রুশ খেলোয়াড়। রিবাকিনা খেলেন কাজাখস্তানের হয়ে, আর ব্লিনকোভা খেলেন নিরপক্ষে দেশের পতাকায়। এই লড়াইয়ে জিতলেন ২৫ বছর বয়সী ব্লিনকোভা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকে তিনি ২২-২০ পয়েন্টে জয়লাভ করে তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন।

 

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দশম ম্যাচ পয়েন্টে সফল হন ব্লিনকোভা। তিনি ম্যাচটি জিতেছেন ৬-৪, ৪-৬, ৭-৬ (২২-২০) গেমে। জয় শেষে তিনি বলেন, ‘আমি ভাষাহীন। আমার বাকি জীবনে এই দিনটি কখনই ভুলব না।’ তিনি আরো বলেন, ‘আমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছি। অবশেষে জিততে পেরে আমি অনেক অনেক খুশি।’

 

২ ঘণ্টা ৪৬ মিনিটে এই লড়াইয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন ও অস্ট্রেলিয়ান ওপেনে গতবারের রানারআপ রিবাকিনা মোট আটটি ম্যাচ পয়েন্ট মিস করেন।  

 

গ্র্যান্ডস্লামে এর আগে দীর্ঘতম টাই-ব্রেক হয়েছিল ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো ও রোমানিয়ার আনা বোগদানের ম্যাচে। উইম্বলডনের তৃতীয় রাউন্ডের ওই ম্যাচটি জিতেছিলেন সুরেঙ্কো। দুজনের টাইব্রেকে মোট ৩৮ পয়েন্ট হয়েছিল, যা ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে অ্যান্ডি রডিক ও জো-উইলফ্রেড সোঙ্গার প্রথম সেটের টাই-ব্রেকের পয়েন্টকে স্পর্শ করে। রডিক টাই-ব্রেকটা হারলেও চার সেটের ম্যাচটি জিতে নিয়েছিলেন।

 

আজ সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ব্রিটেনের এমা রাদুকানুকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারান চীনের ওয়াং ইয়াফান। কব্জি ও গোঁড়ালির অস্ত্রোপচার করানোর পর টেনিসে ফিরে এটা ছিল রাদুকানুর চতুর্থ ম্যাচ।

 

রিবাকিনা ও রাদুকানু হারলেও শীর্ষ বাছাই ইয়া সিয়ানতেক ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে। যদিও কঠিন পরীক্ষা দিতে হয় তাকে। দুই বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এই কলিন্সের কাছে হেরেছিলেন সিয়ানতেক। এবার হারতে হারতে বেঁচে গেলেন তিনি।

 

আজ ইউক্রেনের এলিনা সভিতোলিনা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কো, যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেনস উঠেছেন তৃতীয় রাউন্ডে।

 

ছেলেদের এককে বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, নরওয়ের ক্যাসপার রুড, জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ তৃতীয় রাউন্ডের টিকিটি কেটেছেন।