গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে
হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। সদ্যই টেস্ট র্যাংকিংয়েও ভারতকে এক নম্বর থেকে সরিয়ে দেয়
অজিরা। এবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও রোহিত শর্মার দলকে
শীর্ষস্থানচ্যূত করল প্যাট কামিন্সের দল।
পাকিস্তানকে টানা তিন ম্যাচে হারানোর
পুরস্কার পেল অস্ট্রেলিয়া। সব মিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৮ টেস্টের
৫টিতে জেতা অজিদের এখন ৫৬.২৫ শতাংশ পয়েন্ট। পাকিস্তান এক নম্বর থেকে নেমে গেছে ছয়
নম্বরে। ভারত ৫৪.১৬ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও
বাংলাদেশ প্রত্যেকেই ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পরের স্থানগুলো রয়েছে। পাকিস্তান এখন
বাংলাদেশেরও পরে। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলংকা।
২০২৩ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও
ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করা অজিরা ২০২৪ সালটিও যে আধিতপ্য করবে, সেটি এই
সিরিজেই বুঝিয়ে দিল প্যাট কামিন্সের দল।










