এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের ডিএসসি মাঠে যুবাদের এ ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে। প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের যুবাদের সামনে।

সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে মারুফ মৃধা আর ব্যাট হাতে আরিফুল ইসলাম দুর্দান্ত পারফর্ম করে জেতান বাংলাদেশকে। ১৭ বছর বয়সী বামহাতি পেস বোলার মারুফ মৃধা ৪১ রানে ৪ উইকেট শিকার করে ভারতকে ১৮৮ রানে গুটিয়ে দিতে রাখেন বড় ভূমিকা। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে আহরার আমিনকে (৪৪) নিয়ে ১৩৮ রানের জুটিতে ভারতের সব আশা শেষ করে দেন আরিফুল। তিনি ৯০ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করেন।

আগামী ২০ জানুয়ারি ফের দেখা হবে বাংলাদেশ ও ভারতের। দক্ষিণ আফ্রিকায় বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ব্লুয়েমফন্টেইনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই দল। এশিয়া কাপের ফাইনালে উঠে বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণভাবে সেরে নিল বাংলাদেশ দল।

শুক্রবার দুবাইয়ের আইসিসিএ গ্রাউন্ডে আরেক সেমিফাইনালে পাকিস্তানকে হারায় সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপে আগের নয় আসরে রাজত্ব করে এসেছে ভারত। নয়বারের মধ্যে সর্বোচ্চ আটবার তারা শিরোপা জিতেছে। এর মধ্যে একবার তারা শিরোপা ভাগাভাগি করে পাকিস্তানের সঙ্গে। এশিয়ার পরাশক্তিকে এবার বিদায় করেছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বাইরে ২০১৭ সালে শিরোপা জিতে নেয় আফগানিস্তান। তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল।

ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের বাইরে এবার শিরোপা যাচ্ছে অন্য কোনো দেশে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে প্রথম শিরোপার সম্ভাবনা জাগিয়েছে। এর আগে ২০১৯ সালের ফাইনালে তারা ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে।

এবার দশম আসরে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। আইসিসির পাঁচটি পূর্ণ সদস্য দেশ ছাড়াও এশিয়া কাপে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও জাপান। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলেছে আরব আমিরাত, শ্রীলংকা ও জাপানের সঙ্গে। তিন ম্যাচেই জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নেয় রাব্বির দল। গ্রুপ পর্বে আমিরাতকে ৬১ রানে হারিয়ে দেয়া টাইগার যুবাদের সামনে আজ শিরোপার হাতছানি।