১৪ জানুয়ারি শুরু হবে টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেন। এ আসরে বিশেষভাবে চোখ থাকবে দুই খেলোয়াড়ের ওপর। তারা হলেন ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। নাদাল চোট কাটিয়ে ফিরছেন প্রায় এক বছর পর। তবে ওসাকার ফেরাটা একটু ভিন্ন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে সবাইকে চমকে দিয়ে জানান, তিনি অন্তঃসত্ত্বা!
গত জুলাইয়ে জন্মগ্রহণ করে ওসাকার কন্যাসন্তান শাই। প্রথমে ভুগেছেন বিষণ্নতায়, পরে মা হয়েছেন। সব মিলিয়ে ১৫ মাসের বিরতি শেষে তিনি টেনিসে ফিরেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দিয়ে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামার অপেক্ষায় জাপানি মা ও হাইতিয়ান বাবার সন্তান ওসাকা। ১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে ওয়ার্মআপ হিসেবে খেলেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসে।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ওসাকা বলেছেন, তার জীবনে কন্যাসন্তান আসার পর একজন ব্যক্তি হিসেবে তিনি এখন ‘পরিপূর্ণ’।
ব্রিসবেনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ওসাকা বলেন, ‘মনে হয় আমার জীবনে তার প্রয়োজন ছিল। আমি এমন একজন মানুষ যে শুধু নিজের কথাই ভাবি না। আমি ত্বরিত সিদ্ধান্ত নেই এবং এক্ষেত্রে সে আমাকে পরিপক্ব হতে সাহায্য করছে। আমি নিজেকে নিয়ে অনেক সুখী এবং প্রতিদিনই সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি যখন এটা অনুভব করি যে ক্ষুদে একজন মানবী আমাকে কতটা ভালোবাসে, তখন সেটা আমাকে চাঙ্গা করে তোলে এবং একজন ব্যক্তি হিসেবে পরিপূর্ণতা এনে দেয়।’
ইগা সিয়ানতেক, কোকো গাফ, আরিনা সাবালেঙ্কাদের শক্ত চ্যালেঞ্জের মুখে আবার কি শিরোপার হাসি হাসতে পারবেন ওসাকা?
আমেরিকান বিজনেস সাময়িকী ফোর্বসের জরিপে ২০২২ সালে ওসাকা বিশ্বের সর্বোচ্চ আয়কারী নারী অ্যাথলেট হন।
টেনিসে এমন খবর আরো আছে। মাতৃত্বকালীন ছুটি শেষে সম্প্রতি ইউনাইটেড কাপ দিয়ে টেনিসে ফিরেছেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবার এবং দুইবারের সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা নতুন বছরের শুরুতেই জানিয়ে দেন, তিনি ও তার স্বামী জিরি প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করে ওসাকা আরো বলেন, ‘মা হওয়ায় আমি উপলব্ধি করতে পারছি, আমি কতটা শক্ত এবং সব মা-ইবা কতটা শক্ত মানসিকতার হয়ে থাকে। আমি এটাও চাই, মায়েরা অনুভব করুক, তারা যা চায় সেটাই করতে পারে।’
২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন এবং ২০১৯ ও ২০২১ অস্ট্রেলিয়ান ওপেন জয় করা ওসাকা অন্যতম ধনী টেনিস খেলোয়াড় ও সব মিলিয়ে অন্যতম সেরা ধনী নারী অ্যাথলেট। তিনি কোর্ট থেকে ২ কোটি ডলারেরও বেশি প্রাইজমানি আয় করেছেন। এছাড়া বাণিজ্যিক চুক্তি, স্কিনকেয়ার লাইন থেকেও তার আয়টা বিশাল।
মেলবোর্ন পার্কের চেনা কোর্টে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন ওসাকা। বেলজিয়ান কোচ উইম ভিসেত্তে ২০২০ সালে ওসাকার সঙ্গে কাজ করেছেন। ২০২২ সালের জুলাই মাসে দুজন আলাদা হয়ে যান, ফের তার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভিসেত্তে।










