হায়দরাবাদে আজ বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানকে ৩৪৫ রানের বিশাল টার্গেট দিল শ্রীলংকা। টস জিতে ব্যাটিং বেছে নেয়া সিংহলিজরা দুই সেঞ্চুরিতে সাড়ে তিনশর কাছাকাছি (৩৪৪/৯) সংগ্রহ পায়।

দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানের সময় কুশল পেরেরাকে আউট করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন পেসার হাসান আলী। যদিও পাকিস্তানিদের উদযাপনের আনন্দ খুব বেশিক্ষণ থাকেনি। এরপর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার অনবদ্য ব্যাটিং হতাশ করতে থাকে বাবর আজমের দলকে। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৯৫ বলে ১০২ রান যোগ করেন বোর্ডে।

পাথুম নিশাঙ্কা ৬১ বলে ৫১ রান করে শিকার হন শাদাব খানের। এরপর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে আরেকটি অনবদ্য পার্টনারশিপ গড়েন কুশল। তারা ৬৯ বলে ১১১ রান যোগ করেন। এ পথে কুশল ২৭তম ওভারের প্রথম বলে হাসান আলীকে ছক্কা মেরে ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা বিশ্বকাপে কোনো শ্রীলংকান ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। এটা তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি।

১৪ বাউন্ডারি ও ছয় ছক্কায় ৭৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে কুশল সাজঘরে ফেরেন। তিনি যার ওপর চড়াও হন সবচেয়ে বেশি সেই হাসানকে পরপর দুই ছক্কা মারার পর আউট হন।

কুশলের বিদায়র পর চারিথ আসালঙ্কা খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি সামারাবিক্রমাকে। এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৬৬ ও অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে ৩০ রান যোগ করে দলের সংগ্রহ তিনশ পার করার তিনি। এ পথে মাত্র ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সামারাবিক্রমা। ওয়ানডেতে এটাই তার প্রথম সেঞ্চুরি। ৮৯ বলে ১০৮ রান করে তিনি হাসান আলীর শিকার হন। ১১টি বাউন্ডার ও দুই ছক্কায় ইনিংস সাজান সামারাবিক্রমা। পাকিস্তানের হাসান আলী ৭১ রান চারটি ও হারিস রউফ ৬৪ রানে দুটি উইকেট নেন।   

পাকিস্তান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারায়, আর শ্রীলংকা বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।