বার্সার পুরুষ ফুটবল দলটি তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবলের স্বপ্ন জাগিয়েছে। ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার সময় প্রথমবার ও ২০১৪-১৫ মৌসুমে লুইস এনরিকের অধীনে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয় করে তারা। ইউরোপের ফুটবল ইতিহাসে আটটি দল একই মৌসুমে ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ ও ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। এর মধ্যে বার্সা ও বায়ার্ন মিউনিখেরই দুবার করে ট্রেবল জয়ের কীর্তি আছে। এবার বায়ার্ন মিউনিখকে পেছনে ফলে একমাত্র দল হিসেবে তিনবার ট্রেবল জয়ের গৌরব অর্জন করতে পারে বার্সেলোনা।

স্প্যানিশ ভাষায় তিনটি বড় শিরোপা জয়কে বলে ‘ট্রিপলেট’, যা কিনা বার্সেলোনায় বারবার হয়েছে। বার্সার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভি সম্প্রতি বলছিলেন, ‘যখন আপনি লা ম্যাসিয়ায় (বার্সার বিখ্যাত যুব একাডেমি) থাকবেন তখন সবসময়ই ট্রিপলেটের স্বপ্ন দেখবেন।’

25

গত শনিবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জয় করে বার্সেলোনা। তখন থেকেই তাদের ট্রেবলের সম্ভাবনা জেগেছে এবং এ নিয়ে কথাও চলছে। লা লিগায় ৩৩ রাউন্ড শেষে চার পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে কাতালানরা, ৭২ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান রিয়াল মাদ্রিদের। গতকাল রাতে ভ্যালাদোলিদের মাঠে খেলেছে বার্সা। এ ম্যাচে জিতে রিয়ালকে ৭ পয়েন্টে পেছনে ফেলার সুযোগ ছিল তাদের সামনে। আজ বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ সেল্টা ভিগো।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ যখন চূড়ান্ত হয় তখন বার্সার নাম উঠে আসে হট ফেভারিট হিসেবে। যদিও সেমিফাইনালে ঘরের মাঠে খানিকটা ধাক্কা খায় হ্যান্সি ফ্লিকের দল। ইতালির ফুটবল জায়ান্ট ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা। ফিরতি লেগের খেলা মিলানের স্যান সিরোয় বলে কাতালান সমর্থকরা খানিকটা চিন্তায় পড়ে গেলেও সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।

তবে শুধু হ্যান্সি ফ্লিকের দলই নয়, বার্সার আরো দুটি দলের সামনে এ মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি। বার্সার নারী দলের সামনে তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের সুযোগ এসেছে। এর আগে গত সোমবার তাদের যুব দল ট্রেবল জিতে নিয়েছে। সুইজারল্যান্ডের নিয়ন শহরে উয়েফা ইয়ুথ লিগের ফাইনালে তুরস্কের ত্রাবজোনস্পোরকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান মুকুট জিতে নেয় বার্সার যুবারা। এর মধ্য দিয়ে হুলিয়ানো বেলেত্তির দলের ট্রেবল পূর্ণ হয়। এবার তারা কাপ, লিগ ও উয়েফা ইয়ুথ লিগ শিরোপা জয় করল। এটা লা ম্যাসিয়ার আরেকটি বিজয়।

‘ট্রেবলের ট্রেবল’ জিতে বার্সার যুব দলও ইতিহাস গড়েছে। আর কোনো দলই ট্রেবলের ট্রেবল জিততে পারেনি। ২০১৩-১৪ মৌসুমে প্রথম, ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় ও ২০২৪-২৫ মৌসুমে তৃতীয়বারের মতো ট্রেবল জয় করল বার্সার যুবারা। আবার যুবাদের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তিও গড়ল বার্সার যুব দল। দ্বিতীয় সর্বোচ্চ দুবার ইউরোপাসেরা হয়েছে চেলসির যুব দল।

শুধু ট্রেবলই নয়, বার্সার জন্য ‘কোয়াড্রাপল’ বা এক মৌসুমে চার শিরোপা জয়েরও হাতছানি রয়েছে। তাদের পুরুষ নারী দল দুটি এরই মধ্যে সুপারকোপাস ডি এস্পানা জিতে নিয়েছে, যা ইংল্যান্ডে কমিউনিটি শিল্ড নামে পরিচিত। সঙ্গে ট্রেবলের সুযোগ তো আছেই। তাদের যুব দলের সামনেও মৌসুমে চতুর্থ শিরোপা জয়ের সম্ভাবনা আছে। এক্ষেত্রে তাদের জিততে হবে কোপা ডি ক্যাম্পেওনেস। এ টুর্নামেন্টে স্পেনের সব আঞ্চলিক চ্যাম্পিয়ন লড়াই করে। মে মাসে সেই টুর্নামেন্টেও বার্সার যুবারা ফেভারিট হিসেবে খেলবে।

সবচেয়ে বেশি চমক দেখিয়েছে এবার বার্সার সিনিয়র দল। তাদের জন্য এটা ছিল অর্থনৈতিক মন্দা ও ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার চ্যালেঞ্জ। দলটিও তারুণ্যে ভরা। দলটি এখনো ন্যু ক্যাম্পে ফিরতে পারেনি। সেই সঙ্গে গত মৌসুমে বার্সার কিংবদন্তি খেলোয়াড় জাভি হার্নান্দেজের কোচ হিসেবে বিষাদময় বিদায়ের ঘটনা। সব মিলিয়ে বার্সার জন্য এতটা দ্রুতই ভালো করাটা ছিল অলৌলিক।

তবে ক্লাবটিতে প্রাণের সঞ্চার করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। কীভাবে খেলতে হবে, পরিষ্কারভাবে সেই ধারণা খেলোয়াড়দের জানিয়ে দেন। ফ্রন্টলাইনে প্রেসিং করে খেলা আর হাই ডিফেন্সিভ লাইন এবার সাফল্যের নেপথ্যে কাজ করেছে। আবার সব খেলোয়াড়ই একসঙ্গে ফর্মে ফিরেছেন। ব্রাজিলের রাফিনহা তো ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। সেই সঙ্গে ফেরান তোরেস, ফ্রেঙ্কি ডি ইয়াং, জুলেস কুন্দে এবার বার্সাকে বদলে দিয়েছেন। আরো যারা তারা হয়ে জ্বলছেন তারা হলেন লামিনে ইয়ামাল, পেদ্রি, ইনিগো মার্টিনেজ ও পাউ কুবারসি।

কোপা দেল রে জিতে নেয়ার পর লা লিগা শিরোপাও প্রায় হাতের নাগালে। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট কাটার চ্যালেঞ্জ তাদের সামনে। ৩১ মে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বার্সা পারবে কি ফাইনালের টিকিট কাটতে? ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেনি কাতালানরা। আবার লিওনেল মেসির বিদায়ের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে ইউরোপিয়ান জায়ান্টরা। —নিউইয়র্ক টাইমস, এফসি বার্সা ও বিবিসি