মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে গত বছর টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটির সেই জয় ছিল যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে
বাংলাদেশের প্রথম জয়। সেই মাঠে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে কিউইদের
মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত।
এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। স্বাগতিক দলের সংগ্রহ
ছিল ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান। ড্যারিল মিচেল ১৮ ও গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত
ছিলেন।
টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে কিউইরা ৬ ওভারেই তুলে নেয় ১ উইকেটে ৫৪
রান। দ্বিতীয় ওভারে ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এক্সট্রা কভাবে রিশাদ
হোসেন ক্যাচ নেন। যদিও পরে সেইফার্টের মারমুখী ব্যাটিংয়ে চাপ থেকে বেরিয়ে যায়
স্বাগতিকরা। আগ্রাসী এই ব্যাটারকে অবশেষে থামান তানজিম হাসান সাকিব। মিড-অফে তার
ক্যাচ নেন অধিনায়ক শান্ত।
এদিকে, প্রথম ম্যাচে ক্যাচ নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন
লিটন দাস। এমআরআই করানোর পর এটি নিশ্চিত হওয়ায় আজ খেলছেন না তিনি। তার জায়গা
নিয়েছেন শামীম হোসেন।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টি২০ ম্যাচ জয়ের পর এবার সিরিজ
জয়েরও সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তা-ও এক ম্যাচ হাতে রেখেই!
এখন পর্যন্ত ১৮টি টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও
নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইরা ১৪টি ও টাইগাররা চারটি জিতেছে।










