গোপালগঞ্জের শেখ ফজলুল
হক মনি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে
স্বাধীনতা কাপের শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে
দর্শকের ঢল নেমেছিল আজ। ফাইনাল দেখতে গ্যালারিতে তিল ধারণের জায়গাও যেন ছিল না। সমর্থকদের
হতাশ করেনি দুই দল। ফাইনালে উপভোগ্য একটি ম্যাচই উপহার দিয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান
স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে শিরোপা উৎসব করে বসুন্ধরা কিংস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই
১০ জনের দলে পরিণত হয়ে গোলও হজম করল বসুন্ধরা কিংস। মোহামেডানের ওমর বাবুকে ফাউল করায়
সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইঙ্গার রফিকুল ইসলাম। এরপর গোলেও পিছিয়ে পড়ে কিংস।
৫০তম মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের কর্নারে এমানুয়েল সানডের দারুণ হেডে এগিয়ে যায় মোহামেডান।
যদিও দ্রুতই সমতা আনেন কিংসের রাকিব হোসেন। মিগুয়েল দামাশেনোর ব্যাক হিলে বল পেয়ে রবিনহোর
শট রক্ষণ দেয়ালে বাধা পেয়ে চলে যায় রাকিব হোসেনের কাছে। বাম পায়ে নিখুঁত শটে জাল খুঁজে
নেন এই ফরোয়ার্ড।
শেষ দিকে ম্যাচের ভাগ্য
গড়ে দেন দোরিয়েলটন। ৮৬ মিনিটে দামাশেনোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা ফাঁকায় থাকা
দোরিয়েলটন কোনাকুনি শটে জাল খুঁজে নেন। স্বাধীনতা কাপে এটি তার তৃতীয় গোল।
স্বাধীনতা কাপে এটা কিংসের
তৃতীয় শিরোপা। মোহামেডানের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দল এখন কিংস।










