নিউজিল্যান্ডে মাঠের লড়াই শুরুর আগে দারুণ সময় কাটাচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ডুনেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডে। তার আগে ওটাগোর পর্যটন শহর কুইন্সটাউনের দর্শনীয় সব জায়গা ঘুরে দেখছেন টাইগাররা।
আজ শনিবার (১৩ মার্চ) কুইন্সটাউনের বিখ্যাত শটওভার জেটে চড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো বাংলাদেশের ক্রিকেটার, নির্বাচক ও কর্মকর্তাদের।
নিউজিল্যান্ডে দুই সপ্তাহের কোয়ারেন্টিন পালন শেষে এখন মুক্ত বিহঙ্গের মতো ঘুরছেন ক্রিকেটাররা। মাঠের লড়াই শুরুর আগে তারা খানিকটা নির্ভার সময় কাটাচ্ছেন। আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর রয়েছে তিন ম্যাচের টি২০ সিরিজ। করোনা মহামারীর কারণে ছয় ম্যাচের জন্য ৪৫ দিনের দীর্ঘ সফর করতে হচ্ছে তামিম ইকবাল বাহিনীকে।










