প্রাইজমানি প্রদানে আরেকবার রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লাম টেনিস আসরে এবার মোট প্রাইজমানি ৯ কোটি ডলার। গত বছর ইউএস ওপেনে রেকর্ড ৭ কোটি ৫০ লাখ ডলার প্রাইজমানি দেয়া হয়েছিল। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন টানা দ্বিতীয়বারের মতো রেকর্ড প্রাইজমানি দিতে যাচ্ছে। গতবারের চেয়ে এবার প্রাইজমানি বাড়ছে ২০ শতাংশ।

এবার নারী ও পুরুষ উভয় এককের চ্যাম্পিয়ন খেলোয়াড় পাবেন ৫০ লাখ ডলার, যা আগের ৩৬ লাখ ডলার থেকে ৩৯ শতাংশ বেশি। টেনিসের ইতিহাসে এককে এত বেশি প্রাইজমানির নজির আর নেই। এছাড়া ফাইনালে পরাজিত খেলোয়াড় পাবেন ২৫ লাখ ডলার, যা আগের চেয়ে ৩৯ শতাংশ বেড়েছে। এছাড়া সেমিফাইনালিস্ট পাবেন ১২ লাখ ৬০ হাজার ডলার (বেড়েছে ২৬ শতাংশ) ও কোয়ার্টার ফাইনালিস্ট ৬ লাখ ৬০ হাজার (বেড়েছে ২৫ শতাংশ) পাবেন। শেষ ষোলোয় উঠলে পাওয়া যাবে ৪ লাখ ডলার প্রাইজমানি। কোয়ালিফাইং ও শুরুর দিকের রাউন্ডগুলোয় প্রাইজমানি বাড়ানোর লক্ষ্য ছিল আয়োজকদের। এবার প্রথম রাউন্ডে ১ লাখ ১০ হাজার ডলার, দ্বিতীয় রাউন্ডে ১ লাখ ৫৪ হাজার ডলার, তৃতীয় রাউন্ডে ২ লাখ ৩৭ হাজার ডলার পাবেন খেলোয়াড়রা।

নারী ও পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়নরা ১০ লাখ ডলার, রানার্সআপ দল ৫ লাখ ডলার পাবেন। এছাড়া সেমিফাইনালিস্ট আড়াই লাখ ডলার, কোয়ার্টার ফাইনালিস্ট ১ লাখ ২৫ হাজার ডলার, শেষ ষোলোয় ৭৫ হাজার ডলার, শেষ ৩২-এ ৪৫ হাজার ডলার ও শেষ ৬৪ রাউন্ডে ৩০ হাজার ডলার প্রাইজমানি থাকছে। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়নরা ১০ লাখ ডলার ও রানার্সআপ দল ৪ লাখ ডলার পাবে। এছাড়া সেমিফাইনালিস্ট ২ লাখ, কোয়ার্টার ফাইনালিস্ট ১ লাখ ও শেষ ১৬ রাউন্ডের প্রাইজমানি ২০ হাজার ডলার।

ইউএস ওপেন আয়োজকরা চেষ্টা করেছেন গতবারের চেয়ে যেন প্রাইজমানির হার দুই অংক বাড়ানো যায়। সেটি তারা করতে সমর্থ হয়েছেন। এছাড়া মূল পর্ব আর কোয়ালিফাইং যারা খেলতে যাবেন তাদের যেন পকেট থেকে খুব বেশি খরচ না হয়, সেটিও নিশ্চিত করতে চেয়েছে ইউএস ওপেন আয়োজকরা। তাই তো বিমান ভাড়া হিসেবে প্রত্যেককে ১ হাজার ডলার আর টুর্নামেন্টের অফিশিয়াল হোটেলেও থাকার ব্যবস্থা রয়েছে। তবে কেউ নিজের পছন্দের কোনো হোটেলে থাকতে চাইলে তিনি প্রতিদিন পাবেন ৬০০ ডলার করে। এ খাতে আয়োজকদের খরচ হবে ৫০ লাখ ডলার। এছাড়া র‍্যাকেটের জন্যও বরাদ্দ রয়েছে। এবার প্রত্যেক খেলোয়াড় প্রতি রাউন্ডে পাঁচটি করে র‍্যাকেট ফ্রি পাবেন।