টেস্ট ক্রিকেটের জন্য এক অবিস্মরণীয় দিনই বটে। ব্রিসবেনের উত্তাপ এসে লাগল হায়দরাবাদে। গ্যাবায় স্নায়ুক্ষয়ী লড়াইয়ের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উপ্পলে ভারত-ইংল্যান্ড টেস্টও দারুণ জমে ওঠে। অলি পোপের ব্যাটিং বীরত্বে ভারতকে ২৩১ রানের টার্গেট ছুড়ে দেয় ইংল্যান্ড। সেই টার্গেটের পেছনে ছুটতে গিয়ে বামহাতি অর্থোডক্স স্পিনার টম হার্টলির ঘূর্ণিতে বেসামাল স্বাগতিকরা ২০২ রানে গুটিয়ে গেলে ২৮ রানের স্মরণীয় এক জয় পায় সফরকারীরা।

 

প্রথম ইনিংসেই ১৯৬ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। এরপরও জয়! অভাবনীয়, অবিস্মরণীয়। এই জয়ের কারিগর পোপ ও হার্টলি। পোপের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪২০ রান তোলে ইংল্যান্ড। ভারত পড়ে ২৩১ রানের টার্গেটের সামনে। এই রান তাড়া করতে গিয়ে অভিষিক্ত হার্টলির ঘূর্ণি বিষে নীল ‘মেন ইন ব্লু’রা। ৭ উইকেট শিকার করে ভারতকে হারিয়ে দিলেন হার্টলিই।  

 

১১৯ রানে ৭ উইকেট পতনের পর অষ্টম উইকেটে রবিচন্দ্র অশ্বিন ও শ্রীকর ভারতের ৫৭ রানের জুটিতে জয়ের আশা জাগে ভারতের। তখন আবার আঘাত হানেন হার্টলি। সরাসরি বোল্ড করেন শ্রীকরকে (১৭৬/৮)। নিজের পরের ওভারে অশ্বিনকে স্ট্যাম্পিংয়ে ফাঁদে ফেলেন হার্টলি (১৭৭/৯)। ভারতের শেষ উইকেটটিও নিয়েছেন তিনি। মোহাম্মদ সিরাজ উচ্চাভিলাষী শট খেলতে সামনে এগিয়ে গেলে তাকে স্ট্যাম্পিং করে দেন ইংল্যান্ডের উইকেটকিপার বেন ফোকস (২০২/১০)।

   

এর আগে সকালে পোপের দুশ ছুঁই ছুঁই ইনিংসে ভর করে চারশ পেরোয় ইংলিশরা। ২৭৮ বলে ২১টি বাউন্ডারির সাহায্যে তিনি ১৯৬ রান করে জশপ্রীত বুমরাহর গতির কাছে হার মেনে বোল্ড হয়ে যান। তিনিই সফরকারীদের শেষ ব্যাটার হিসেবে আউট হন। তার বীরত্বে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে পায় ৪২০ রানের সংগ্রহ।

 

হার্টলি (৩৪) ও রেহান আহমেদ (২৮) আজ সকালে অলি পোপকে ভালোই সঙ্গ দেন। ফলে ৬ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করে সংগ্রহটা চারশ পেরোতে পেরেছে ইংলিশরা। শনিবার তৃতীয় দিন বেন ডাকেট (৪৭),  ফোকস (৩৪) ও জ্যাক ক্রলে (৩১) দলের সংগ্রহটা বড় হতে ভূমিকা রাখেন। সবার সম্মিলিত এই রানগুলোই ইংল্যান্ডের জয়ের ভিতটা গড়ে দেয়।

 

ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০০ রানের বেশি লিড নিয়ে এর আগে কখনো টেস্ট হারেনি ভারত।

 

ভারতের মাঠে ৬৬টি টেস্ট খেলে এটা ইংল্যান্ডের ১৫তম জয়। ভারত জিতেছে ২২টি। এছাড়া মোট ১৩৩ টেস্টের মুখোমুখিতে ইংল্যান্ড ৫১টি ও ভারত ৩১টি জিতেছে।

 

এই সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংলিশরা। বাকি ম্যাচগুলো বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়।