লুয়ান্ডায় শুক্রবার স্বাগতিক অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার রাতে আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল একই ব্যবধানে হারাল আফ্রিকার আরেক দল সেনেগালকে।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গতকাল সাদিও মানের সেনেগালকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা। দুই বছর আগে লিসবনে সর্বশেষ দেখায় সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবার কার্লো আনচেলত্তির দল সহজেই হারাল তেরাঙ্গা সিংহদের। প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় ব্রাজিল। ২৮ মিনিটে এস্তেভাও ও ৩৫ মিনিটে অভিজ্ঞ কাসেমিরো গোল করেন। ম্যাচে বল দখলে সেনেগাল এগিয়ে থাকলেও গোল পাননি মানেরা।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে পঞ্চম হয়ে আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেনেগালও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

এদিকে গতকাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন, আরেক ম্যাচে বুলগেরিয়াকে ২-০ গোলে হারায় তুরস্ক। এ জয়ে বিশ্বকাপ টিকিট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো স্পেনের।