টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ১১২তম আসর শুরু আজ। মেলবোর্ন পার্কে এবারের আসরে বসছে তারার মেলা। নোভাক জোকোভিচ এখানে ১০টি শিরোপা জিতে আগেই রেকর্ডের অধিকারী। এবার জিততে চান ১১তম শিরোপা। বেলারুশিয়ান আরিনা সাবালেঙ্কাও নারী এককে শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলতে নামছেন। আজ শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্দা নামবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের।
গত এক যুগেরও বেশি সময় ধরে আধিপত্য করে আসায় অস্ট্রেলিয়ান ওপেনকে ‘দ্বিতীয় বাড়ি’ বলে থাকেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ২০০৮ সালে প্রথম শিরোপা জয়ের পর মেলবোর্ন পার্কে আরো নয়বার শিরোপা উৎসব করেন তিনি। সর্বশেষ যে চারবার অংশ নিয়েছেন তার প্রতিবারই তিনি শিরোপায় চুমু খেয়েছেন। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার চুং হাইওনের কাছে অঘটনের শিকার হওয়ার পর এখানে তিনি আর হারেননি।
বয়স ৩৬ হয়ে গেলেও ফর্ম মোটেও পড়তির দিকে নয়। ২০২৩ সালে ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন। এ সময় তিনি চারটি মেজরের তিনটিই জিতেছেন। এ পথে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে অস্ট্রেলিয়ান গ্রেটকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় হবেন জোকোভিচ।
গত বছর চোটে পড়ে বিদায় নেয়া রাফায়েল নাদাল এবার চোটমুক্ত হয়ে ফেরার আশায় ছিলেন। যদিও সম্প্রতি প্রস্তুতি টুর্নামেন্ট খেলার সময় অস্ত্রোপচার করানো সেই নিতম্বে আবারো চোট পান তিনি। ফলে এবারো খেলা হবে না ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নের। হয়তো তার মেলবোর্ন পার্কে আর কখনই নামা হবে না। তিনি আগেই বলেছিলেন, ২০২৪ সালে অবসর নেবেন।
নাদাল না খেললেও জোকোভিচকে চ্যালেঞ্জ জানাবেন কার্লোস আলকারাজ, ইয়ান্নিক সিনার, স্তেফানোস সিসিপাস ও দানিল মেদভেদেভের মতো লড়াকু খেলোয়াড়।
নারী এককে শীর্ষ আট বাছাই খেলোয়াড় হলেন ইগা সিয়ানতেক, আরিনা সাবালেঙ্কা, এলেনা রিবাকিনা, কোকো গাফ, জেসিকা পেগুলাম ওন্স জাবের, মার্কেতা ভনদ্রোসোভা ও মারিয়া সাক্কারি। এদের সঙ্গে যুক্ত হয়েছেন সদ্য মা হওয়া জাপানের নাওমি ওসাকা ও জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।
গতবার ফাইনালে কাজাখস্তানের রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতে নেন সাবালেঙ্কা। বেলারুশিয়ান তারকার এটাই প্রথম মেজর শিরোপা। এ দুজন ছাড়াও এবার শিরোপার রেসে আছেন বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গাফ ও তিনবারের মেজরজয়ী ইগা সিয়ানতেক। এপি ও বিবিসি










