টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলে হার দিয়ে সূচনা হয়েছিল আর্জেন্টিনার। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে মিসরকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ব্রাজিল ৪-২ গোলে জার্মানিকে হারিয়ে শুভসূচনা করলেও আজ দ্বিতীয় ম্যাচে ড্র করেছে আইভরি কোস্টের সঙ্গে।
সদ্যই কোপা আামেরিকার শিরোপা জয় করা আর্জেন্টিনার অলিম্পিক দল ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যায়। যদিও আজ মিসরকে হারিয়ে পূর্ণ তিন পয়েণ্ট তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল তারা। কষ্টার্জিত এ জয়ে ৫২ মিনিটে আর্জেন্টিনার একমাত্র গোলটি করেন মেদিনা। গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও অস্ট্রেলিয়া।
আজ ব্রাজিল গোলশূন্য ড্র করে আইভরি কোস্টের সঙ্গে। ম্যাচের ১৩ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ব্রাজিলকে পরের সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয়। এছাড়া ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন আইভরি কোস্টের এবু কোয়াসি।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে গ্রুপের শীর্ষে ব্রাজিল ও আইভরি কোস্ট। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল জার্মানি ও সৌদি আরব।
আজ ‘এ’ গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়েছে ফ্রান্স। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে হোঁচট খাওয়া ফ্রান্স এ জয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে। আজ গ্রুপের অন্য ম্যাচে জাপান মুখোমুখি হয় মেক্সিকোর।
আজ ‘বি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারায় হন্ডুরাস।










