বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) আজ দুপুরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে
উঠেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও চার ঘণ্টা পরই হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার
করেছে খুলনা টাইগার্স। সন্ধ্যার ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে
হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।
এই জয়ের পর চার ম্যাচ
থেকে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে খুলনা, এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রামের সংগ্রহ
সমান আট পয়েন্ট। তবে নিট রানরেটে এগিয়ে খুলনা। সিলেট চার ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে
টেবিলের একেবারে তলানিতে। চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সিলেটের একধাপ উপরে ঢাকা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত
২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানের সাদামাটা সংগ্রহ গড়ে ঢাকা। মোহাম্মদ নাঈম শেখ ২১ বলে ৪১
ও সাইম আইয়ুব ৩৭ বলে ৩৫ রান করেন। খুলনার মোহাম্মদ নওয়াজ ১৫ রানে ৩ উইকেট নেন। রান
তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। ওপেনিং
জুটিতে এনামুলকে নিয়ে ৫০ রান তোলার পর আহত হয়ে মাঠ ছাড়েন এভিন লুইস। এরপর এনামুল ও
আফিফ হোসেনের ৪১ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত হয়। এনামুল ৪৮ বলে
৫৮ ও আফিফ ২৭ বলে ৩৭ রান করেন। এভিন লুইসের ব্যাট থেকে আসে ১৩ বলে ২৬ রান। ম্যাচসেরা
হয়েছেন নওয়াজ।
এদিকে, টানা চার ম্যাচে
হারল মাশরাফি বিন মর্তুজার সিলেট। প্রথম জয়ের খোঁজে নামা সিলেট টস জিতে ব্যাটিং নিলেও
খুব সুবিধা করতে পারেনি। দলটি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সমর্থ
হয়। আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫, রায়ান বার্ল ২৯ বলে ৩৪ ও জাকির খান হাসান
২৬ বলে ৩১ রান করেন। জাতীয় দলের তারকা নাজমুল হোসেন শান্ত আরেকবার ব্যর্থ হয়েছেন। আজ
তিনি ৭ বলে করেন ৫ রান। ওমানি পেসার বিলাল খান ২৪ রানে তিন উইকেট নেন।
এরপর কিউই ব্যাটার টম
ব্রুস (৪৪ বলে ৫১*) ও তানজিদ হাসান তামিমের (৪০ বলে ৫০) ফিফটিতে ১৪ বল বাকি থাকতে সহজ
জয় তুলে নেয় চট্টগ্রাম। ম্যাচসেরা হন বিলাল খান।










