সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ
টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে গভীর বিপদে পড়েছে পাকিস্তান।
দুই ইনিংস মিলে অস্ট্রেলিয়ার চেয়ে ৮২ রানে এগিয়ে তারা, হাতে মাত্র ৩ উইকেট।
পাকিস্তানের ৩১৩ রানের জবাবে অজিরা আজ তৃতীয়
দিন প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয়েছে। মারনাস লাবুশেন ৬০ ও মিচেল মার্শ ৫৪ রান
করেন। ব্যাট হাতে ৯৭ বলে ৮২ রান করা আমির জামাল বল হাতেও নায়ক। ৬৯ রানে ৬ উইকেট
নিয়ে তিনিই পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখেন। যদিও ব্যাটাররা সেই সুযোগ হেলায়
হারালেন।
জস হ্যাজেলউডের আগুণে বোলিংয়ের মুখে ৬৭ রানে
৭ উইকেট হারিয়ে বসে অতিথিরা। ১ রানের মধ্যে ২ উইকেট পতন হওয়ার পর বাবর আজম ও সাইম
আইয়ুবের ব্যাটে বিপদ খানিকটা কাটিয়ে ওঠে দলটি। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৫৮/২।
কিছু সময় পর তাদের স্কোর রূপ নেয় ৬৭/৪-এ। সেখান থেকে এক ওভারে টানা তিন উইকেট তুলে
নেন হ্যাজেলউড। স্কোর তখন ৬৭/৭!
ওপেনার সাইম আইয়ুম সর্বোচ্চ ৩৩ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন বাবর আজম। হ্যাজেলউড ৯ রানে নেন ৪টি উইকেট। এছাড়া
মিচেল স্টার্ক, নাথান লায়ন ও ট্রাভিস হেড নেন একটি করে উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে
দেন মোহাম্মদ রিজওয়ান ও আমির জামাল। শনিবার এই দুজনই অপরাজিত থেকে ফের ব্যাটিংয়ে
নামছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কি তারা পারবেন পাকিস্তানের ত্রাতা
হতে?
তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া।
অজিদের জন্য সিরিজটা ৩-০ করা এখন সময়ের ব্যাপার মাত্র।










