ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন জশস্বী জয়সাল। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আজ শনিবার ২০৯ রান করেছেন তিনি। ২২ বছর ৩৬ দিন বয়সে দুশ করলেন জয়সাল। ভারতের তাঁর চেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন সুনীল গাভাস্কার ও বিনোদ কাম্বলি। গাভাস্কার ২১ বছর ২৭৭ দিন বয়সে ও কাম্বলি ২১ বছর ৩২ দিন এবং ২১ বছর ৫৪ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন। এই দুই গ্রেটের পরই এখন জয়সালের নাম।

 

টেস্টে ২০১৯ সালের পর কোনো ভারতীয় ব্যাটার ডাবল সেঞ্চুরি করলেন। মায়াঙ্ক আগারওয়াল ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তারপর আজই ভারতের হয়ে প্রথম ডাবল পেলেন জয়সাল। এটা ভারতের হয়ে টেস্টে ৫৭তম ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ ৭টি ডাবল করেছেন বিরাট কোহলি।

 

আজ দ্বিতীয় দিন ১৭৯ রান নিয়ে মাঠে নামেন জয়সাল। শুরু থেকেই তিনি আগ্রাসী ছিলেন। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করা জয়সাল ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন চার মেরে। এতটা আগ্রাসী হতে গিয়েই আউট হয়েছেন।

 

২৯০ বলে ২০৯ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হন জয়সাল। ডিপ কভারে ক্যাচ দিয়েছেন জনি বেয়ারস্টোকে। জয়সাল দুশ ছাড়ানো এই ইনিংসটি সাজান ১৯টি চার ও ৭টি ছক্কায়।

 

জয়সাল ডাবল সেঞ্চুরি করলেও ভারতের অন্য কেউ হাফ সেঞ্চুরিও পাননি। শুভমান গিল ৩৪, রজত পতিদার ৩২, শ্রেয়াস আইয়ার ২৭ ও অক্ষর প্যাটেল ২৭ রান করেন।

 

১৯ বছর বয়সী লেগস্পিনার রেহান আহমেদ, অভিষিক্ত ২০ বছর বয়সী অফস্পিনার শোয়েব বশির ও অ্যান্ডারসন প্রত্যেকেই নেন তিনটি করে উইকেট।

 

জবাব দিতে নেমে ইংলিশরাও আগ্রাসী খেলা শুরু করে। ১০ ওভারে বিনা উইকেটে ৫৯ রান তুলে নেয় সফরকারীরা। ১১তম ওভারে বেন ডাকেটকে হারায় ইংলিশরা। কুলদীপ যাদবের বলে সিলি পয়েন্টে পতিদারকে ক্যাচ দেন ডাকেট।

 

জ্যাক ক্রলে ফিফটি করেন ৫৪ বলে। ১৩তম ওভারে কুলদীপকে চার ও ছক্কা মেরে তিনি ফিফটি পূর্ণ করেন। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৭৪/১। জ্যাক ক্রলে ৫০ ও ওলি পোপ ২ রানে ব্যাট করছিলেন।

 

হায়দরাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জয় পায় ইংল্যান্ড। পোপ খেলেছিলেন ১৯৬ রানের মহাকাব্যিক এক ইনিংস।