আগামীকাল শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা এই ম্যাচটি খেলতে নামবেন স্রেফ দেশের গৌরবের জন্য। আর দলটির অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর জন্য এটি বিশেষ আবেগের ম্যাচ হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি নামবেন শেষবারের মতো কাল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটবে ব্রাভোর।
গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড ঘোষণা করেছিলেন, ক্যারিবিয়ানে শেষ টি২০ খেলে ফেলেছেন ব্রাভো। বৃহস্পতিবার শ্রীলংকার কাছে হারের পর সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি ও ধারাভাষ্যকার অ্যালেক্স জর্ডানের সঙ্গে কথোপকথনে ব্রাভো নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় বলছেন।
ব্রাভো বলেন, আমি মনে করি, সময় চলে এসেছে। আমার অনেক ভালো ক্যারিয়ার কেটেছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করার পর আমার মনে হচ্ছে, অনেক উত্থান-পতন থাকলেও এতটা দীর্ঘ সময় এই অঞ্চল ও ক্যারিবিয়ান মানুষের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ। আইসিসির তিনটি ট্রফি জিতেছি, যার দুটি আমার বামে থাকা অধিনায়কের সঙ্গে (ড্যারেন স্যামি)। একটি বিষয় নিয়ে গর্ব করতে পারি—আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যারা বৈশ্বিক মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করার সাথে সাথে মুকুটও জিতেছি।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৯০টি টি২০ খেলে ৭৮ উইকেট নিয়েছেন, রান করেছেন এক হাজারেরও বেশি। সিম বোলিং অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৪ সালে। ক্যারিবিয়ান জার্সিতে তিনি এখন পর্যন্ত ২৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কাল খেললে এটা হবে তার ২৯৪তম ম্যাচ।
টি২০ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ব্রাভো ব্যাট কিংবা বল হাতে ইনিংসের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দিতে সিদ্ধহস্ত। ২০১২ সালে তার ক্যাচেই ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ জিতে নেয়। ২০১৬ সালের বিশ্বজয়ী দলেও ছিলেন তিনি।
চার ম্যাচের তিনটিতে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ব্রাভো মনে করেন না, তাদের মাথা হেঁট করে থাকতে হবে। তিনি বলেন, এমন বিশ্বকাপ আসর আমাদের প্রত্যাশিত ছিল না, আমাদের খেলোয়াড়রা এমনটি চাইনি। কিন্তু আমাদের নিজেদের নিয়ে দুঃখিত হওয়া উচিত নয়, এটা কঠিন এ প্রতিযোগিতা। আমাদের মাথা উঁচুই রাখা উচিত।










