অস্ট্রেলিয়ান ওপেনে ১১তম
শিরোপার পথে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। আজ কোয়ার্টার ফাইনালে ১২তম বাছাই
যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিৎজকে ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২, ৬-৩ গেমে হারান সার্বিয়ান সুপারস্টার।
এটা তার ১১তম অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল।
শীর্ষ বাছাই জোকোভিচ মেলবোর্ন
পার্কে এ নিয়ে সর্বশেষ ৩৩টি সিঙ্গেল ম্যাচ জিতলেন। ইতালির ইয়ান্নিক সিনার ও রাশিয়ার
আন্দ্রেই রুবলেভের মধ্যকার বিজয়ীকে সেমিফাইনালে সামনে পাবেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান
ওপেনে রেকর্ড ১১তম ও সব মিলে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লা শিরোপা থেকে আর দুটি জয় দূরে
৩৬ বছর বয়সী খেলোয়াড়।
অবিশ্বাস্য রেকর্ড জোকোভিচের।
এটা মেলবোর্নে পার্কে তার ১১তম সেমিফাইনাল। আগের ১০টি সেমিফাইনালই জিতেছেন, পরে জিতেছেন
১০টি ফাইনালও। কাজেই সব ঠিক থাকলে, এবার শিরোপা তারই হাতে উঠছে।
এটা আবার তার ক্যারিয়ারের
৪৮তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল।
এদিকে, আজ নারী এককের
সেমিফাইনালে উঠেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কোকো গাফ। ১৯ বছর বয়সী খেলোয়াড়
আজ কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৮-৬), ৬-৭ (৪-৭), ৬-২ গেমে হারান ইউক্রেনের মার্তা কস্তিউককে।
সেমিফাইনালে তার সামনে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। আজ আরেক কোয়ার্টার ফাইনালে
চেক খেলোয়াড় বারবোরা ক্রেসিকোভাকে ৬-২, ৬-৩ গেমে হারান বেলারুশিয়ান খেলোয়াড় সাবালেঙ্কা।










