গুঞ্জন ছিল লিভারপুলের পুরো মালিকানাই ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও তেমন কিছুই ঘটল না। বরং ফেনওয়ে ক্লাবের ক্ষুদ্র কিছু শেয়ার বিক্রি করল, যার আর্থিক মূল্য ৮২ থেকে ১৬৪ মিলিয়ন পাউন্ডের মধ্যে। এ নিয়ে গ্লোবাল স্পোর্টস ইনভেস্টমেন্ট ফার্ম ডাইনেস্টি ইকুইটির সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে লিভারপুলের। বেশ কিছুদিন ধরেই বাইরের বিনিয়োগের অপেক্ষায় ছিল লিভারপুল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। এ বিনিয়োগের অর্থ দিয়ে তারা ব্যাংক লোন পরিশোধ করবে।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপের প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেন, ‘লিভারপুলের প্রতি আমাদের দীর্ঘ অঙ্গীকার আগের মতোই মজবুত রয়েছে। আমরা সব সময়ই বলে এসেছি যদি জুতসই কোনো সহযোগী পাওয়া যায়, তবে আমরা লিভারপুলের আর্থিক সহনশীলতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির কথা ভেবে সেই সুযোগটি অবশ্যই লুফে নেব।’
কভিড-১৯ মহামারীর সময় লিভারপুল প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড রাজস্ব হারিয়েছে। এছাড়া ২০২০ সালে কার্কবিতে নতুন ট্রেনিং গ্রাউন্ডের জন্য তাদের খরচ পড়ে ৫০ মিলিয়ন পাউন্ড, যা ২০২০ সালে উদ্বোধন করা হয়। মেয়েদের ফুটবল দলের জন্য মেলউড ট্রেনিং বেজের পেছনে অল রেডদের খরচ ছিল ১২ মিলিয়ন পাউন্ড।
২০১৬ সালে অ্যানফিল্ডের নতুন মেইন স্ট্যান্ড তৈরিতে খরচ পড়ে ১১৪ মিলিয়ন পাউন্ড। এবার ৮০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি তৈরি করছে অ্যানফিল্ড রোড স্ট্যান্ড।
সদ্য সমাপ্ত গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুল ১৪৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। এ সময় তারা মিডফিল্ডার ডমিনিক সবোজলাই, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ওয়াটারু এন্ডো ও রায়ান গ্রাভেনবার্চকে কিনেছে। তবে নতুন যে বিনিয়োগ আসছে সেই অর্থ নতুন আর কোনো খেলোয়াড় কেনার পেছনে ব্যয় না করে বরং ব্যাংক লোনগুলোই পরিশোধ করা হবে। গর্ডন বলেন, ‘ক্লাবের আর্থিক অবস্থান শক্তিশালী করা এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের স্বপ্নপূরণের লক্ষ্যে ডাইনেস্টির সঙ্গে সম্পর্কটা স্থায়ী করার ইচ্ছা আমাদের।’
২০১০ সালে ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুলের মালিকানা পায় ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। দুই-তিন বছর ধরে কভিড-১৯ মহামারীসহ নানা কারণে আর্থিকভাবে খারাপ সময় যাচ্ছিল অল রেডদের। তখন ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বলছিল, তারা কিছু বিনিয়োগ আশা করছেন। এবার ডাইনেস্টিকে পাওয়ার মধ্য দিয়ে সেই মিশনের সমাপ্তি ঘটল।
এ চুক্তি নিয়ে ডাইনেস্টির প্রধান নির্বাহী কর্মকর্তা কে ডন কর্নওয়াল বলেন, ‘লিভারপুল বিশ্বের অন্যতম আইকনিক ফুটবল ক্লাব, যাদের রয়েছে নিবেদিক সমর্থকগোষ্ঠী এবং বিশ্বকাপ সর্বত্র এর নাম। এ ক্লাবটিকে সহযোগিতা করতে পেরে ডাইনেস্টি অত্যন্ত কৃতজ্ঞ এবং ক্লাবটিকে এগিয়ে নিতে আমরা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সঙ্গে একত্রে কাজ করে যেতে চাই।’ বিবিসি










