ভারতীয় ক্রিকেট দলের জার্সিসহ যাবতীয় কিট সরবরাহ করবে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী কোম্পানি এডিডাস। গত মঙ্গলবার এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও এডিডাসের মধ্যে বহু বছর মেয়াদি এক চুক্তি সই হয়েছে। চুক্তি ২০২৩ সালের জুনে শুরু হবে। মেয়াদ ২০২৮ সালের মার্চ পর্যন্ত।

চুক্তির ফলে আগামী ৭ জুন ওভালে শুরু হতে চলা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের গায়ে দেখা যাবে এডিডাসের বিখ্যাত তিন স্ট্রাইপ সংবলিত জার্সি। শুধু কোহলিদেরই নয়, ভারতীয় নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ (ছেলে, মেয়ে উভয়) দলের খেলোয়াড়দেরও সব ধরনের জার্সি, কিটস ও মার্সেন্ডাইজার সরবরাহ করবে এডিডাস। 

তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের সব ধরনের স্পোর্টসওয়্যার সরবরাহ করবে বৈশ্বিক এ ব্র্যান্ডটি। ভারতের জাতীয় দল, নারী দল এবং যুব দলের ম্যাচ, অনুশীলন ও ভ্রমণের পোশাক সরবরাহের একক স্বত্ব থাকছে এডিডাসের। 

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। এ জনপ্রিয়তাকে পুঁজি করে বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেট সম্প্রসারিত হচ্ছে। যেখানেই ভারতের খেলা, সেখানেই স্টেডিয়ামের টিকিট ‘‌সেল আউট’। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ আইপিএল এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগ। এছাড়া ভারতের তৃণমূল পর্যায়ের ক্রিকেটও ক্রমে শক্তিশালী হচ্ছে। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের কিট স্পন্সর হতে দ্বিতীয়বার ভাবেনি এডিডাস। 

এডিডাস ও বিসিসিআইয়ের মধ্যে চুক্তির ফলে মাঠে ও মাঠের বাইরে গতি পাবে ভারতীয় ক্রিকেট। এডিডাস যেন তার প্রচার ও প্রসারে এগিয়ে যাবে, তেমনি ভারতীয় ক্রিকেট দলের ভাবমূর্তিও বাড়বে। এডিডাসের রয়েছে বিশ্বের বহু সেরা খেলোয়াড়ের জন্য ক্রীড়াসামগ্রী তৈরি ও সরবরাহের গৌরবোজ্জ্বল ইতিহাস। তাদের পৃষ্ঠপোষকতা নিয়েই বেড়ে উঠেছেন অসংখ্য অ্যাথলিট। 

বিসিসিআই সচিব জয় শাহ এ চুক্তি নিয়ে বলেন, ‘‌আমরা ক্রিকেটের সম্প্রসারণ ও উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ এবং এ যাত্রায় বিশ্বের অন্যতম শীর্ষ স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এডিডাসকে সহযোগী হিসেবে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত। ক্রীড়ায় ঐতিহাসিক উত্তরাধিকার, বিশ্বমানের পণ্য ও বিশ্বব্যাপী শক্তিশালী অবস্থানের কারণে ভারতের সব ধরনের ক্রিকেটেই পারফরম্যান্সকে উদ্দীপ্ত করতে ও সফলতা আনতে বড় ধরনের ভূমিকা রাখবে এডিডাস।’

চুক্তি নিয়ে এডিডাসের সিইও বিওন গালদেন বলেন, ‘‌আমরা বিসিসিআই ও ভারতের সবচেয়ে আইকনিক দল টিম ইন্ডিয়ার সঙ্গে পার্টনারশিপ চুক্তি করতে পেরে গর্বিত। ক্রিকেট ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা এবং আমাদের জন্যও এ খেলায় বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ।’ 

বিসিসিআইয়ের চেয়ে ভালো সহযোগী আমরা পেতে পারতাম না। আমি বিশ্বাস করি, পরের দশকে ক্রীড়ার সবচেয়ে বর্ধনশীল বাজার হয়ে উঠবে ভারত। আমাদের টিম যাতে ভারতের সেরা স্পোর্টস ব্র্যান্ড হয়ে ওঠে, সেটি নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

এডিডাস ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার নীলেন্দ্র সিং বলেন, ‘চুক্তিটা এডিডাসের জন্য ঐতিহাসিক মুহূর্ত নিয়ে এসেছে, তা শুধু ভারতের বাজার বিবেচনায়ই নয়, বৈশ্বিকভাবেও। ভারতীয় ক্রিকেট দলে তিন স্ট্রাইপ দেখে আমরা গর্বিত।’