ইউএস ওপেনে ২০২২ সালে সর্বশেষ খেলেছেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান টেনিস গ্রেট এখন অবসরে। তারপর এবারই প্রথম ফ্লাশিং মিডোতে খেলা দেখতে এসেছেন। কাছে পেয়ে তার কাছ থেকে কিছু টিপস নিলেন মেয়েদের এককে শীর্ষ বাছাই ইগা সিয়ানতেক। তাতেই তৃতীয় রাউন্ডে আরো অপ্রতিরোধ্য তিনি। রাশিয়ার  আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাবে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

 

ম্যাচের আগে খেলোয়াড়দের জিমে সেরেনার সঙ্গে কথা বলতে দেখা যায় সিয়ানতেককে। জয় শেষে এ নিয়ে সিয়ানতেক জানান, সেরেনার সঙ্গে কথা বলে তিনি ‘ইতিবাচক ধাক্কা’ পেয়েছেন। ২০২২ আসরের চ্যাম্পিয়ন আজ ভোরের ম্যাচে একটিও ব্রেক পয়েন্টের মুখোমুখি হননি।   

 

২২ বছর বয়সী সিয়ানতেক বলেন, ‘এটা খুবই ভালো লেগেছে যে তিনি আমাকে ডেকেছেন, নইলে তার সঙ্গে কথা বলার সাহস আমার হয়ে উঠতো না। আগেও আমাদের সাক্ষাৎ হয়েছে এবং ট্যুরের সময় পাশাপাশি ছিলাম। যদিও তিনি আমার কাছে এখনো বিখ্যাত এক মানুষ, তারকা।’ এরপর তিনি জানান, ফ্লাশিং মিডোতে ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনার সঙ্গে কথা বলায় তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং এটা তাকে ইতিবাচক একটি ধাক্কা দিয়েছে।

 

চতুর্থ রাউন্ডে লুদমিলা সামসোনোভার মুখোমুখি হবেন সিয়ানতেক। রাশিয়ার ১৬তম বাছাই খেলোয়াড় ৬-১, ৬-১ গেমে হারান যুক্তরাষ্ট্রের অ্যাশলিন ক্রুগারকে।

 

ছেলেদের এককে শীর্ষ বাছাই ইতালির ইয়ান্নিক সিনার ও রাশিয়ার দানিল মেদভেদেভ চতুর্থ রাউন্ডে উঠেছেন। সিনার ৬-১, ৬-৪, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ও’কনেলকে ও মেদভেদেভ ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে ইতালির ফ্লাভিও কবোলিকে হারান।