প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে মাত্র ১৫৩ রানের টার্গেট দিতে সমর্থ হলো বাংলাদেশ নারী দল। আজ রোববার (১৬ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে ১৫২ রান তুলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাব দিতে নেমে ১৩ রানে ওপেনার স্মৃতি মন্ধানাকে হারায় ভারত। তার উইকেট শিকার করেন তরুণ পেসার মারুফা আক্তার।

২৩ বছর বয়সী মিডিয়াম পেসার আমানজত কাউর অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশকে অল্প রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন। নিগার সুলতানা ৬৪ বল টিকে থেকে ৩৯ রান করলেও অন্য প্রান্ত থেকে তেমন সহযোগিতা পাননি, ফলে দলের সংগ্রহও বড় হয়নি।

এছাড়া ফারজানা হক ৪৫ বলে ২৭, সুলতানা খাতুন ২০ বলে ১৬ ও ফাহিমা খাতুন ২৯ বলে ১২ রান করেন। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় স্বর্ণা আক্তার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। কাউর ৩১ রানে ৪টি ও দেবিকা বৈদ্য ৩৬ রানে ২টি উইকেট নেন।

এর আগে তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১-এ জিতে নেয় ভারত।