সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে ১-০-তে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় দিন বিকালেই স্পষ্ট হয়ে যায়, বড় জয় পাচ্ছে বাংলাদেশ। হলোও তাই। ৫ উইকেটে ৮৬ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শুরু করা অতিথি দল অবিশ্বাস্য লড়াইয়ে ৪১.২ ওভার খেলে বোর্ডে ১৬৮ রান যোগ করতে সমর্থ হয়। এর পরও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি অ্যান্ডি বালবির্নির দল। বাংলাদেশ জিতেছে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে।
অ্যান্ডি ম্যাকব্রাইন ও ম্যাথিউ হামফ্রেস জুটি সকালে দৃঢ়তা দেখিয়ে বোর্ডে যোগ করেন ৩০ রান। দলীয় ১১৬ রানে হামফ্রেসকে আউট করে এ জুটি ভাঙেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। এরপর অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে বোর্ডে ৬৬ রান যোগ করেন ম্যাকব্রাইন। এ দুজন ১১৯ বল ভুগিয়েছেন স্বাগতিকদের। বালবির্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এ জুটি ভাঙেন অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। দলীয় ২০০ রানের আগে (১৯৮/৮) ম্যাকব্রাইনকে সাজঘরে ফেরান পেসার নাহিদ রানা।
দুই ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল বাংলাদেশ, আর দুই দলের হেড টু হেড ইতিহাসে বাংলাদেশ এগিয়ে থাকল ২-০-তে। আগামী বুধবার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।










