আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) থাকা সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। গ্রীষ্মে তারা আতিথ্য দেবে বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে। তবে সবার আগে তারা খেলবে বাংলাদেশের সঙ্গে। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর।

 

আগামী অক্টোবর মাসে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। নভেম্বরে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। বাংলাদেশ সফরে কিউইরা দুটি টেস্ট খেলবে। এরপর ফিরতি সফরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুটি সীমিত ওভারের সিরিজ খেলবে টাইগাররা।

 

১৭ ডিসেম্বর ডুনেডিনে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ডিসেম্বর নেলসনে ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে। প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে নেপিয়ারে। মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুটি টি২০ ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ ডিসম্বের।

 

সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতই নিউজিল্যান্ডের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। গত ৮ বছরের মধ্যে নিউজিল্যান্ডে এটি হবে বাংলাদেশের ষষ্ঠ সফর।

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ১১ দিনের বিরতি দিয়ে কিউইরা ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে (১২ থেকে ২১ জানুয়ারি)। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুটি টেস্ট (৪ থেকে ১৭ ফেব্রুয়ারি), অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি২০ ও ২টি টেস্ট (২১ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ)।

 

আট বছরের মধ্যে এই প্রথম প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে কিউইরা। তারা চেষ্টা করবে প্রথমবারের মতো টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে।