বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরা খেলোয়াড় হওয়ার গৌরব বয়ে আনলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মে মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন মুশফিকুর রহিম। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই মাসের পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে সাকিব পুরুষ ক্যাটাগরিতে আর নারী ক্যাটাগরিতে ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন। 

সাকিবের সঙ্গে লড়াইয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র আর অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। এ দুজনকে হারিয়ে সাকিবই জুলাই মাসের সেরা খেলোয়াড় হয়েছেন।

মূলত জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্সই সাকিবকে মাস সেরা স্বীকৃতি এনে দেয়। ওয়ানডে সিরিজে ১৪৫ রান ও আট উইকেটের পাশাপাশি টি২০ সিরিজে ৭ গড়ে রান দিয়ে নেন তিন উইকেট। এছাড়া একমাত্র টেস্টে ৫ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে প্রথম ইনিংসে নেন ৮২ রানে ৪ উইকেট। ম্যাচটি বাংলাদেশ জিতে যায় ২২০ রানে। 

আইসিসিকে এক প্রতিক্রিয়ায় সাকিব বলেছেন, ২০২১ সালের জুলাই মাসের সেরা খেলোয়াড় হতে পরে আমি সম্মানিত বোধ করছি। মাসটিতে বেশ কিছু অসাধারণ পারফরম্যান্স ছিল, কাজেই এ সময় সেরার পুরস্কার পাওয়া বিশেষ কিছু। বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে আমি সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পাই। গত কয়েক সপ্তাহে আমি বাংলাদেশকে জেতাতে ভূমিকা রেখেছি। 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন সাকিব। সিরিজটিতে ১১৪ রান করার পাশাপাশি তিনি নেন ৭ উইকেট।