বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) হেরেই চলেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। আজ মঙ্গলবার ফরচুন
বরিশালে কাছে ৪৯ রানে হেরেছে তারা। এটি সিলেটের পঞ্চম হার। তাদের হারিয়েই চলতি আসরে
নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের বরিশাল।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি
ব্যাটার আহমেদ শেহজাদ (৪১ বলে ৬৬) ও মাহমুদউল্লাহর (২৪ বলে ৫১*) ব্যাটে ভর করে ৫ উইকেটে
১৮৬ রান তোলে বরিশাল। বেনি হাওয়েল ২১ রানে তিনটি উইকেট নেন। জবাব দিতে তৃতীয় ওভারেই
নাজমুল হোসেন শান্তকে হারায় সিলেট। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্বাগতিক
দলটি। জাকির হাসান (৪৬), শামসুর রহমান (২৫) ও হাওয়েল খানিকটা লড়াই করলেও তা দলের হারের
ব্যবধানই যা একটু কমাতে পেরেছে, জেতাতে পারেনি।
পাকিস্তানি পেসার মোহাম্মদ
ইমরান চারটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট নেন।
৭টি চার ও ২টি ছক্কায়
সাজানো ৫১ রানের মনোহরী ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।
এই জয়ের পরও ৫ ম্যাচে
৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বরিশাল। আর সিলেট শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে।
চার ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে খুলনা টাইগার্স।
বুধ ও বৃহস্পতিবার বিপিএলে
কোনো খেলা নেই। সিলেটে শুক্রবার স্বাগতিকরা খেলবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে, আর চট্টগ্রাম
চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।










