সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারী শ্রীলংকাকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৫৭ রান তুলেছে তামিম ইকবালের দল।
শুরুটা ভালো না হলেও মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ভর করে আড়াইশোর্ধ্ব সংগ্রহ পায় বাংলাদেশ। মুশফিক ৮৭ বলে ৮৪, মাহমুদউল্লাহ ৭৬ বলে ৫৪ ও তামিম ৭০ বলে ৫২ রান করেন।
দলের মাত্র ৫ রানের সময় বিদায় নেন ওপেনার লিটন কুমার দাস। তাকে ফিরিয়েছেন দুশমন্ত চামিরা। ওয়ানডে দলে ফেরা সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা ব্যর্থ হয় তামিমের। এ দুজন বোর্ডে যোগ করেন ৩৮ রান। সাকিব ৩৪ বলে ১৫ রানের সাদামাটা ইনিংস খেলে আউট হন দানুসকা গুনাতিলকার বলে।
তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৫৬ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশর কাছাকাছি নিয়ে যাওয়ার পর আউট হয়ে যান তামিম। ৭০ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫২ রান করা তামিম লেগ বিফোর হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার স্পিনে। পরের বলে মোহাম্মদ মিঠুনকেও একইভাবে প্যাভিলিয়নে ফেরান ডি সিলভা। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে ১০৯ রানের জুটি গড়ে দলকে দুশ পার করিয়েছেন মুশফিক। ৮৭ বলে ৮৪ রান করে লাকসান সান্দাকানের বলে আউট হন মুশফিক। দলের ২৩০ রানের সময় মাহমুদউল্লাহকে বোল্ড করেন ধনঞ্জয়া ডি সিলভা।
এরপর আফিফ হোসেন ২২ বলে ২৭ রান ও সাইফ উদ্দিন ৯ বলে ১৩ রান করে দলের লড়াকু সংগ্রহ নিশ্চিত করেন।










