নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জাকা আশরাফ।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কমিটির চতুর্থ বৈঠকের পর শুক্রবার (১৯ জানুয়ারি) পদত্যাগের সিদ্ধান্ত জানান আশরাফ। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তার পরিবর্তে নতুন কে দায়িত্ব নিতে চলেছেন সেটা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সভা শেষে এমসির চেয়ারম্যান এবং সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাকা আশরাফ। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।’

গত বছরের জুলাইয়ে আইএমসির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় আশরাফকে। ১০ সদস্যের কমিটির দায়িত্ব ছিল, চার মাসের মধ্যে বোর্ডের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন আয়োজন করা। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সেই লক্ষ্য পূরণ না হওয়ায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরো তিন মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক। ওই মেয়াদ শেষ হতো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।