বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের খেলায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে ইউক্রেন। 

এদিকে, আজ রাতে বাছাইপর্বে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি খেলবে সুইজারল্যান্ডের মাঠে, ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন ঘরের মাঠে খেলবে জর্জিয়ার বিপক্ষে আর চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি নিজেদের মাঠে মুখোমুখি হবে আর্মেনিয়ার।

২০১৮ সালে বিশ্বকাপ জয় করা ফ্রান্স ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে খানিকটা বিবর্ণ। শনিবার রাতে ইউক্রেনের মাঠ থেকে কোনোমতে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে লা ব্লুজরা। অ্যান্থনি মার্শিয়াল পাঁচ বছর পর গোল করে ফ্রান্সকে ড্র করতে সাহায্য করেন। মিকোলা শাপারেঙ্কোর গোলে ৪৪ মিনিটে লিড নেয় স্বাগতিক ইউক্রেন। ২০ গজ দূর থেকে নেয়া শটে গোলটি করেন তিনি। এর ছয় মিনিট পর কাছ থেকে শটে গোল করেন মার্শিয়াল। ফ্রান্সের জার্সিতে এটা তার দ্বিতীয় গোল, ২০১৬ সালের পর প্রথম।

করিম বেনজেমার পাস থেকে গোল করে ফ্রান্সকে জেতানোর সুযোগ এসেছিল মুসা দিয়াবির, যদিও তিনি বল পেরেছেন পোস্টে।

সব ধরণের প্রতিযোগিতায় এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে ড্র করল দিদিয়ের দেশমের ফ্রান্স। যার মধ্যে অন্যতম ২০২০ ইউরোয় সুইজারল্যান্ডের সঙ্গে ৩-৩ গোলের ড্র, যাতে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় সুইসরা। মজার বিষয়, ‘ডি’ গ্রুপে সম্পন্ন হওয়া ১০ ম্যাচের মধ্যে সাতটিই ড্র হলো, যার মধ্যে ইউক্রেনের পাঁচটি। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। যদিও পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা ফিনল্যান্ড দুই ম্যাচ কম খেলেছে। মঙ্গলবার ফিনল্যান্ডকে আতিথ্য দেবে ফ্রান্স।

শনিবার রাতে বড় দলগুলোর মধ্যে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস, আর ক্রোয়েশিয়া ১-০ গোলের জয় তুলে নেয় স্লোভাকিয়ার মাঠে। এছাড়া তুরস্ক ৩-০ গোলে জিব্রাল্টারকে, ইসরায়েল ৫-২ গোলে অস্ট্রিয়াকে ও রাশিয়া ২-০ গোলে সাইপ্রাসকে হারায়। ডাচদের জয়ে জোড়া গোল করেন বার্সেলোনা স্ট্রাইকার মেম্ফিস ডিপাই।

‘জে’ গ্রুপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও আর্মেনিয়া। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্মেনিয়া, তাদের চেয়ে এক পয়েন্ট কম দিয়ে দুইয়ে জার্মানি। ‘সি’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করা ইতালি আজ সুইজারল্যান্ডকে হারিয়ে আরেকটু এগিয়ে যেতে চাইবে। ‘বি’ গ্রুপে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন, ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইডেন।