বেনোনিতে টি২০ সিরিজের
প্রথম ম্যাচে আজ রোববার দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ নারী
ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে
১৪৯ রানের সংগ্রহ গড়ে। জবাব দিতে নেমে প্রোটিয়া নারীরা ৮ উইকেটে ১৩৬ রান তুলতে সমর্থ
হয়। তরুণ স্পিনার স্বর্ণা আক্তার ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে অবিস্মরণীয় এই জয় এনে
দেন।
২০১২ সালে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে প্রথম দেখাতেই জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও এরপর টানা ১০ ম্যাচে হেরেছে মেয়েরা।
অবশেষে ১২তম ম্যাচে এলো দ্বিতীয় জয়।
জাহানারা আলম, পান্না
ঘোষ ও নাহিদা আক্তারের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে টি২০ ম্যাচে ৫ উইকেট শিকারের কৃতিত্ব
দেখালেন ১৬ বছর বয়সী লেগ স্পিনার স্বর্ণা আক্তার। তার বোলিং নৈপুণ্যেই বেনোনিতে জয়ের
কীর্তি গড়ল বাংলাদেশ।
এর আগে মুরশিদা খাতুন
৫৯ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশ দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এছাড়া অধিনায়ক
নিগার সুলতানা ১৭ বলে ৩৪, শামীমা সুলতানা ২৪ বলে ২৪ ও সোবহানা মোস্তারি ১৭ বলে ১৬ রান
করেন।
ওপেনিং জুটিতে মুরশিদা
ও শামীমা ৪৪ রান তুলে দলকে ভিত্তি গড়ে দেন। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৪ রান করেন
শামীমা। এরপর সোবহানাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ রান তুলেছেন মুরশিদা।
শেষ ৭ ওভারে আর কোনো উইকেটের
পতন হয়নি। নির্ভরতার প্রতীক নিগার ও মুরশিদা পরের ৪২ বলে ৬৬ রান তুলেছেন। এ পথে ফিফটি
পূর্ণ করেন বামহাতি ওপেনার মুরশিদা। তিনি ৫১ বলে ফিফটি করেন। ৬২ রানের হার না মানা
ইনিংসটি ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজান মুরশিদা। নিগার ৬ বাউন্ডারির সাহায্যে করেন ৩৪
রান।
শেষ ওভারে ১৫ রান তুলে
সংগ্রহটা দেড়শর কাছাকাছি নিয়ে যান নিগার সুলতানা ও মুরশিদা। নিগার এই ওভারে তিনটি বাউন্ডারি
মারেন। প্রোটিয়া পেসার এলিজ-মারি মার্কস ও নন্দুমিসো শানগেস একটি করে উইকেট পান।
এই সফরে তিনটি টি২০ ও
তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
এর আগে গত মাসে ঘরের মাঠে
ওয়ানডে ও টি২০ উভয় সিরিজেই পরাজিত পাকিস্তানকে হারায় বাংলাদেশের নারীরা।










