সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। শুরুতেই শক্তিশালী
লেবাননের মুখোমুখি লাল-সবুজ জার্সিধারীরা। বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা চারটায়। এদিন ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে
মালদ্বীপ খেলবে ভুটানের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
ফিফা র্যাংকিংয়ে লেবানন রয়েছে ৯৯ নম্বরে, আর বাংলাদেশ ১৯২
নম্বরে। দুই দলের শক্তির তফাৎটা সহজেই অনুমান করে নেয়া যায়। তবে তাদের রুখে দেয়াটা
অসম্ভবও নয়। সম্প্রতি ভুবনেশ্বরে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপের রাউন্ড রবিন
লিগে তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দেয় ভারত। ফাইনালে মধ্যপ্রাচ্যের এই দলটিকে ২-০
গোলে হারিয়ে দেয় সুনীল ছেত্রীর দল। এই দুই ম্যাচ থেকে প্রেরণা খুঁজতে পারে
বাংলাদেশ।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা লেবাননের শক্তি-দুর্বলতা
নিয়ে কাজ করেছেন নিবিড়ভাবে। প্রস্তুতি নিয়ে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন
বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বলেন, ‘অবশ্যই আমরা জানি যে, লেবানন র্যাংকিংয়ে আমাদের চেয়ে ভালো
অবস্থানে। আমাদেরও একটা পরিকল্পনা আছে,
ওরা
শক্তিশালী কিন্তু আমাদেরও সুযোগ আছে ওদের চমকে দেয়ার এবং সেভাবেই প্রস্তুত হচ্ছি।
লেবাননের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করেছি। যে জায়গাগুলো শক্তিশালী, বিশেষ করে তাদের আক্রমণভাগ, সেক্ষেত্রে আমরা কিভাবে রক্ষণ আঁটসাঁট রাখব, কোন কোন খেলোয়াড়কে পাহারায় রাখব, সেগুলো নিয়ে অনুশীলনে কাজ করেছি।’
গোলরক্ষক আনিসুর রহমান জিকো সম্প্রতি কম্বোডিয়া সফরে দুই
ম্যাচে ক্লিনশিট পাওয়ায় ভীষণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুতি
নিয়েছি, অনেক সময় পেয়েছি। দুটো
প্রীতি ম্যাচ খেলেছি। দুটোতেই জিতেছি। আমরা কোনো গোলও খাইনি, এটা অনেক ভালো দিক। লেবানন, মালদ্বীপ, ভুটান-এরা সবাই আমাদের থেকে অনেক এগিয়ে র্যাংকিংয়ে। এখন
আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ ধরে ধরে চিন্তা করা। বিশেষ করে আমরা যারা গোলরক্ষক ও
ডিফেন্ডাররা আছি তাদের ওপর অনেক চাপ থাকবে যেহেতু লেবাননের আক্রমণ অনেক ভালো। আমরা
যেই খেলি না কেন, নিজেদের সেরাটা
দিতে হবে।’
আজ বুধবার উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায় কুয়েত। গ্রুপের
অন্য ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ভারত।










