চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সমতা আনল বাংলাদেশ। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে ৬ উইকেটে ১৭০ রানের ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয় আইরিশরা। স্নায়ুচাপে ভোগা স্বাগতিকরা অধিনায়ক লিটন দাসের ৩৭ বলে ৫৭ ও পারভেজ হোসেন ইমনের ২৮ বলে করা ৪৩ রানের ইনিংসে ভর করে শেষ ওভারে জয় নিশ্চিত করে।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা আনল বাংলাদেশ। মঙ্গলবার একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচে হারের পর গতকাল বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসে। শেখ মেহেদী হাসান, নুরুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন একাদশে এসেছেন যথাক্রমে শরিফুল ইসলাম, জাকের আলী ও রিশাদ হোসেনের জায়গায়।
টস জিতে আগে ব্যাটিং বেছে নেয়া আয়ারল্যান্ড পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৬৬ রান তুলে নেয়। এর মধ্যে ওপেনিং জুটিতে অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর ২৮ বলে ৫৭ রান যোগ করেন। স্টার্লিং ১৪ বলে ২৯ রান করে আউট হওয়ার পর ভাই হ্যারি টেক্টরকে (১১ বলে ১১) নিয়ে ২১ বলে ৩১ রানের জুটি গড়েন টিম টেক্টর (২৫ বলে ৩৮)। নবম ওভারে দুই ভাইকে সাজঘরে ফেরান মেহেদী হাসান।
এরপর লরকান টাকারের ব্যাটে (৩২ বলে ৪১) ভর করে লড়াকু সংগ্রহ করে আয়ারল্যান্ড। মেহেদী হাসান ২৫ রানে তিনটি উইকেট নেন।
১৭১ রান তাড়া করতে নেমে দ্রুতই বিদায় নেন তানজিদ হাসান তামিম। এরপর ইমন ও লিটনের ৪৩ বলে ৬০ এবং লিটন ও সাইফের ৩১ বলে ৫২ রানের জুটি বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন (৭ বলে ১৭*) ও মেহেদী হাসান (৩ বলে ৬*) দলের জয় নিশ্চিত করেন।
১৫৪ স্ট্রাইক রেটে ৫৭ রান করার আগে দুটি উইকেটও নেন লিটন দাস। তিনিই হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।










