ইউরো চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে ইতালি। শুক্রবার রাতে উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে রবার্তো মানচিনির দল।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি ইতালির সঙ্গে প্রথমার্ধ গোলশূন্য রাখার কৃতিত্ব দেখায় তুরস্ক। প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল আদায় করে নিতে পারেনি আজ্জুরিরা। কর্নার থেকে হেড করে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন গিওর্গিও কিয়েল্লিনি, যদিও দুর্দান্তভাবে তা সেভ করেন তুর্কি গোলকিপার উগুরকান কাকির। ৫৩ মিনিটে মেরিহ ডেমিরালের আত্মঘাতী গোলে অপ্রত্যাশিতভাবেই লিড পেয়ে যায় ইতালি। এরপর ৬৬ মিনিটে সাইরো ইম্মোবিলে ও ৭৯ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের গোলে জয় সুনিশ্চিত হয়ে যায় আজ্জুরিদের।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের ইতিহাসে এই প্রথম তিন গোল করল ইতালি। সেসঙ্গে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে টানা ২৮ ম্যাচে অপরাজিত তারা। 

৫১ ম্যাচের এই আসরের খেলাগুলো অনুষ্ঠিত হবে ১১ দেশের মোট ১১টি শহরে। ১১ জুলাই ফাইনাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

ইউরোয় আজ তিনটি ম্যাচ মাঠে গড়ানোর কথা। ‘এ’ গ্রুপে ওয়েলস-সুইজারল্যান্ড, ‘বি’ গ্রুপে ডেনমার্ক-ফিনল্যান্ড এবং বেলজিয়াম-রাশিয়া মুখোমুখি হচ্ছে।