বার্সেলোনায় বর্ণাঢ্য এক ক্যারিয়ারের ইতি টেনে গত ১০ আগস্ট দুই বছরের জন্য প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে নাম লেখান আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
সেই থেকে ফুটবল অনুরাগীদের রুদ্ধশ্বাস অপেক্ষা, পিএসজির জার্সিতে প্রথম কবে খেলবেন মেসি? হয়তো আজই সেই দিন। মেসি আর পিএসজি সমর্থকদের অপেক্ষার অবসান ঘটতে পারে আজ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেঁসের মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচের স্কোয়াডে মেসিকে রেখেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
সতীর্থদের সঙ্গে শনিবার পুরোদমে অনুশীলনও করেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। সবকিছুই আজ মেসির খেলার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
পিএসজি কোচ মেসির ব্যাপারে বেশ সতর্ক। মেসিকে দলভুক্ত করার পর থেকেই তিনি বলে এসেছেন, আর্জেন্টাইন খেলোয়াড়টির অনুশীলনে খানিকটা ঘাটতি রয়েছে বলে তাকে মাঠে নামাতে একটু বিলম্ব হবে। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা টুর্নামেন্টে খেললেও ক্লাবের হয়ে প্রাক-মৌসুম অনুশীলন আর প্রীতি ম্যাচে অংশ নিতে পারেননি বার্সেলোনা গ্রেট। পচেত্তিনো তাই চান, মেসি পুরোপুরি ফিট হয়ে তবেই মাঠে নামুক।
রেঁসের মাঠে খেলার জন্য আজ ঘোষণা করা পিএসজির ২২ জনের স্কোয়াডে রয়েছেন মেসি। কোচের কথায়ও স্পষ্ট ইঙ্গিত, আজ তিনি খেলাতে পারেন মেসিকে। শনিবার এ কোচ বলেন, মেসি দুর্দান্ত এক খেলোয়াড়, পেশাদার। সে বার্সেলোনা থেকে এসে বেশ দ্রুতই মানিয়ে নিয়েছে, সতীর্থদের সঙ্গেও তার চমত্কার সম্পর্ক তৈরি হয়েছে।
এদিকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি পিএসজি ছেড়ে নাম লেখাতে পারেন রিয়াল মাদ্রিদে। পিএসজি সমর্থকরাও চান, তাকে যেন ক্লাব বিক্রি করে দেয়। তবু ‘মেসি-নেইমার-এমবাপ্পে’ ত্রয়ীকে একসঙ্গে দেখতে উন্মুখ বহু ফুটবল অনুরাগী। হয়তো আজই এ ত্রয়ীকে ত্রাস ছড়াতে দেখা যেতে পারে রেঁসের রক্ষণভাগে।










