ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বে লাতিন অঞ্চলের খেলায় শুক্রবার ভোরে আর্জেন্টিনা ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। একই দিন একুয়েডর ২-১ গোলের জয় তুলে নেয় বলিভিয়ার মাঠে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ১-১ গোলে ড্র করে ভেনিজুয়েলার সঙ্গে। 

বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় মিনিটে কর্নারের বলে অ্যাক্রোবেটিক ভলিতে আর্জেন্টিনার হয়ে গোল করেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ১০৬ ম্যাচে এটা পঞ্চম গোল ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের। মাংসপেশির চোট থেকে সেরে উঠে ম্যাচের ৫৩ মিনিটে বদলি হিসেবে নামেন লিওনেল মেসি। তিনি দুবার গোলের সম্ভাবনাও জাগিয়েছিলেন। 

ওতামেন্দির গোলটিই আলবিসেলেস্তেদের ৩ পয়েন্ট নিশ্চিত করে দেয়। এ জয়ের পর তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল দুইয়ে ও কলম্বিয়া ৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ৪ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করার সম্ভাবনা তৈরি করেছে ভেনিজুয়েলা। 

কুইয়াবার অ্যারেনা প্যান্টানালে অনুষ্ঠিত ম্যাচে ৫০ মিনিটে গ্যাব্রিয়েলের গোলে লিড নেয় সেলেসাওরা। নেইমারের কর্নার থেকে গোলটি করেন আর্সেনাল ডিফেন্ডার। এর কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ৮৬ মিনিটে ব্রাজিলকে চমকে দিয়ে ওভারহেড শটে গোল করেন ভেনিজুয়েলার এদুয়ার্দো বেল্লো। তার গোলেই সমতা আনে ভেনিজুয়েলা। 

শুক্রবার উরুগুয়ে ২-২ গোলে ড্র করে কলম্বিয়ার সঙ্গে। ডারউইন নুনেজ শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন। ৩৫ মিনিটে হামেশ রদ্রিগেজ গোল করলে পিছিয়ে পড়ে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। ৪৭ মিনিটে সমতা আনেন মাথিয়াস ওলিভেইরা। ৫২ মিনিটে মাতিয়াস উরিবে আরেকবার এগিয়ে দেন কলম্বিয়াকে। উরুগুয়ে দ্বিতীয়বারের মতো সমতা আনে নুনেজের গোলে। যোগ করা সময়ে স্পট কিক থেকে গোল করেন লিভারপুল ফরোয়ার্ড। 

১৮ অক্টোবর চতুর্থ রাউন্ডের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টাডিও সেন্টেনারিওতে। এদিন আর্জেন্টিনা খেলবে পেরুর মাঠে, কলম্বিয়ার প্রতিপক্ষ একুয়েডর, বলিভিয়া খেলবে প্যারাগুয়ের মাঠে ও চিলিকে আতিথ্য দেবে ভেনিজুয়েলা।