তানভীর ইসলামের পাঁচ উইকেটে ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে আশা জাগায় বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচটি জিতলে দ্বীপদেশে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের গৌরবে ভাসত বাংলাদেশ দল। যদিও স্বপ্নপূরণের এ ম্যাচে শোচনীয়ভাবে হেরে বসেছে অতিথিরা। গতকাল পাল্লেকেলেতে লংকানদের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সিংহলিজরা ২-১-এ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। শ্রীলংকায় সাতটি ওয়ানডে সিরিজ খেলে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ, বাকি দুটি সিরিজ ড্র হয়।

ব্যাটিং-সহায়ক উইকেটে ২৮৬ রান তাড়া করতে নেমে বাজে ব্যাটিং প্রদর্শনীতে ৩৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। লংকান দুই পেসার আসিথা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা শুরু থেকেই আগুন ঝরিয়েছেন, আবার শেষ দিকে ফিরেও উইকেট শিকার করেছেন। তারা দুজন ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বড় ক্ষতিটা করেন।

এর আগে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে লংকানরা ২৮৫ রানের পুঁজি গড়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহীদ হৃদয়। ৭৮ বলে ইনিংসে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৮ ও জাকের আলী ২৭ রান করেন।

মেহেদী হাসান মিরাজ ৪৮ রানে দুটি ও তাসকিন আহমেদ ৫১ রানে দুটি উইকেট নেন।

১০ জুলাই এ মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৫০ ওভারে ২৮৫/৭ (কুশল ১২৪, আসালঙ্কা ৫৮, নিশাঙ্কা ৩৫; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১)। বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬/১০ (তাওহীদ ৫১, মিরাজ ২৮, জাকের ২৭; আসিথা ৩/৩৩, চামিরা ৩/৫১)। ফল: শ্রীলংকা ৯৯ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজ: কুশল মেন্ডিস (শ্রীলংকা)।