জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল সাইফ স্পোর্টিং ক্লাব ও মোহামেডান। ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দলটি ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে মোহামেডানের জয় একই ব্যবধানে।

৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে সাইফের জয়সূচক গোলটি করেন রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বায়েসাঙ্গে। অন্য ম্যাচে ৩০ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকে মোহামেডানের হয়ে জয়সূচক গোল করেন। এ নিয়ে লিগের প্রথম পাঁচ ম্যাচে হওয়া ৭ গোলের সবগুলো করলেন বিদেশীরা। লিগ সূচনার দিনে নীলফামারীতে বসুন্ধরা কিংসের জয়ের নায়ক দানিয়েল কলিন্দ্রেস। নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ ও আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরের গোলে শেখ জামালের বিপক্ষে জয় পায় চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান রাফায়েল ওদোভিনের গোলে শেখ রাসেল লিড নিলেও উজবেকিস্তানের মিডফিল্ডার আতাবেক ভালিদজানভের গোলে সমতায় আসে ব্রাদার্স। প্রথম দিনের বিদেশীদের দাপট গতকালও টেনে আনলেন এমেরি বায়েসাঙ্গে ও ওবি মনেকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আকাশি-হলুদদের প্রতিপক্ষ নবাগত পুলিশ এফসি।