বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। আগের দুই ম্যাচেই হেরে যাওয়ায় হোয়াইটওয়াশ এড়াতে এই টেস্ট জিততে কিংবা ড্র করতে মরিয়া হবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে সফরকারীরা। তার ওপর থেকে কাজের চাপ কমাতেই বিশ্রামের সিদ্ধান্ত। এছাড়া বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক। তার জায়গা নিচ্ছেন সায়েম আইয়ুব।  

২৫ বছর বয়সী লেগস্পিনার আবরার আহমেদকে এই টেস্টেও পাবে না পাকিস্তান। তিনি নেটে বোলিং করলেও পুরো ম্যাচের জন্য এখনো ফিট নন বলেই মনে করছে পাকিস্তান ম্যানেজমেন্ট।

সিডনিতে সফরের প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ৩০ বছর বয়সী অফস্পিনার সাজিদ খান। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেই নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। মাঝের সময়টাতে তার চেয়ে আবরার আহমেদ ও নুমান আলীকে এগিয়ে রেখেছে পিসিবি। যদিও ওই দুজনেরই চোটে কপাল খুলল সাজিদ খানের। আবার সফরকারী দল সিডনিতে একজন স্পিনার খেলানোর কথা ভাবছে। সব মিলে, সাজিদ খান থাকছেন একাদশে।

শাহিন শাহ আফ্রিদি পার্থ টেস্টে দুই ইনিংসে ২টি উইকেট পেলেও মেলবোর্নে নিয়েছেন ৬ উইকেট। যদিও ইনজুরি থেকে ফেরার পর তার বলের গতি কমেছে অনেকটাই। এখন ১৩০ কিলোমিটারের ওপর গতি ওঠে খুবই কম। এ নিয়ে বেশ কথা উঠেছে। এরই মধ্যে তাকে বিশ্রাম দিল পাকিস্তান ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘন্টা আগেই অধিনায়ক শান মাসুদ একজন বোলার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় শাহিনের প্রশংসা করেছিলেন।

তবে তার ওপর বোলিংয়ের চাপটা অস্বীকার করার উপায় নেই। সম্মুখসারির পেসার নাসিম শাহ চোটে থাকায় ও শীর্ষ সারির কোনো স্পিনার না থাকায় শাহিনের ওপর বেশি চাপ পড়ে। এই সিরিজে যেমন দুই দল মিলে প্রত্যেকের চেয়ে বেশি বল করেছেন তিনি। তা, দুই টেস্টে প্রায় ১০০ ওভার। ৬৯.৫ ওভার বল করে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি স্পিনার নাথান লায়ন।

অস্ট্রেলিয়ার দলনায়ন প্যাট কামিন্স আজ জানিয়েছেন, সিডনিতে টেস্টে তাদের একাদশে কোনো পরিবর্তন থাকছে না। সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে।