নিজ দেশে চলমান নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া বাংলাদেশ দল থামল সেমিফাইনালে। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে চাইনিজ তাইপের কাছে হেরেছে স্বাগতিক দেশের মেয়েরা। আজ ফাইনালে চাইনিজ তাইপে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। গতকাল প্রথম সেমিফাইনালে ইরানকে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০১২ সালে পাটনায় অনুষ্ঠিত আসরের ফাইনালেও ইরানকে হারিয়েছিল তারা।

প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১২ পয়েন্টের ব্যবধানে হেরেছে ইরান, চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ৭। এ হিসেবে তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ।

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা অধিনায়ক রুপালী আক্তার বলেন, ‘চাইনিজ তাইপে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। ওরা ইরানকে ১০ পয়েন্টের ব্যবধান হারিয়েছিল। আমরা ওদের কাছে ৭ পয়েন্টে হেরেছি। ফাইনালে উঠতে পারলে অবশ্যই ভালো লাগত। তবে আমরা ব্রোঞ্জ পেয়েছি, এটাও কম নয়।’