রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে দারুণ লড়াই গড় তোলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১৬৫ রান তুলে পাকিস্তানকে হতাশায় ডোবানো এই জুটি ভাঙেন খুররম শাহজাদ। মেহেদী হাসান মিরাজকে আউট করে তিনি দলকে আনন্দে ভাসান। এটা টেস্টে তার প্রথম ৫ উইকেট। তৃতীয় টেস্টে এসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি।

 

খুররমের আগের ওভারেই ছক্কা মেরেছিলেন লিটন দাস ও মিরাজ। পরের ওভারে (৫২তম) এসেই মিরাজকে শিকারে পরিণত করেন তিনি। স্ট্যাম্পের ওপর পড়া গুড লেংথের বলে স্ট্রেইট শট খেলতে গিয়ে বোলারের হাতে ক্যাচ তুলে দিলেন মিরাজ।

 

১২৪ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন মিরাজ। যদিও আউট হয়ে তিনি বেশ হতাশ ছিলেন। সাজঘরের পথে যাওয়ার সময় বারবার শটটির শ্যাডো করছিলেন, আর মাথা নাড়াচ্ছিলেন। হয়তো ভাবছিলেন, যেভাবে খেলতে চেয়েছিলেন যেভাবে হলো না।

 

দলীয় ১৯১ রানে মিরাজ আউট হয়ে যাওয়ার একটু পর তাসকিনও তার পথ ধরেন। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খুররম।

 

৫৩.৩ ওভারে ৮ উইকেটে ১৯৩ রান নিয়ে তৃতীয় দিন চা-বিরতিতে যায় বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে তখনো ৮১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

 

এই মাঠে সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ।