সদ্যই টোকিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট জিতে নেয়া জ্যামাইকান গ্রেট এলাইন থম্পসন-হেরাহ এবার ১০০ মিটার স্প্রিন্টে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম টাইমিংয়ের রেকর্ড গড়লেন। যুক্তরাষ্ট্রের অরেগনের ইউজেনি ডায়মন্ড লিগে তিনি ১০.৫৪ সেকেন্ড সময় নিয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন।
রিও ও টোকিও অলিম্পিকে টানা দুবার গৌরবময় ‘ডাবল’ মুকুট জয় করা এলাইনের সামনে এখন শুধুই আমেরিকান গ্রেট ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার, যিনি ১৯৮৮ সালের অলিম্পিকে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়েছিলেন।
শনিবার রাতের রেসে শীর্ষ তিনটি অবস্থানে ছিলেন জ্যামাইকার তিনজন। এলাইনের স্বদেশী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ও শেরিকা জ্যাকসন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। মারিজুয়ানায় পজিটিভ হওয়ায় অলিম্পিকে খেলতে না পারা আমেরিকান শা’কারি রিচার্ডসন সবার শেষে দৌড় সম্পন্ন করেন।
এ মৌসুমের শুরুর দিকে ১০.৬৩ সেকেন্ড টাইমিং করে গ্রিফিথ-জয়নারের পর দ্বিতীয় দ্রুততম নারী হন ফ্রেজার-প্রাইস। যদিও টোকিওতে সেই টাইমিংকে পেছনে ফেলে এলাইন ১০.৬১ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতে নেন। এবার টাইমিংটা আরো কমিয়ে আনলেন তিনি।










