ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজ খেলা হবে না আফগানিস্তানের কৃতী লেগস্পিনার রশিদ খানের। পিঠের নিচের অংশে অস্ত্রোপচার করান রশিদ, যা থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ফলে চলমান বিগ ব্যাশ ও আজ বুধবার শুরু হতে যাওয়া এসএ২০ লিগেও তিনি খেলছেন না। এবার ছিটকে গেলেন ভারতের বিপক্ষে টি২০ সিরিজ থেকে।

 

আজ আফগান টি২০ দলনায়ক ইব্রাহিম জাদরান নিশ্চিত করেছেন যে, রশিদ খানের খেলা হচ্ছে না। তিনি দলের সঙ্গে চন্ডিগড় গেলেও ম্যাচ-ফিট হয়ে ওঠেননি।

 

বৃহস্পতিবার মোহালিতে প্রথম টি২০ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এরপর ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ও ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে তৃতীয় ও শেষ ম্যাচ।

 

ইব্রাহিম জাদরান বলেন, ‘তিনি (রশিদ) পুরোপুরি ফিট নন এখনো, যদিও দলের সঙ্গে রয়েছেন। আশাকরি তিনি দ্রুতই সেরে উঠবেন। রিহ্যাবে দারুণ উন্নতি করেছেন। আমরা এই সিরিজে তার অভাব বোধ করব। তার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তবে এটাই ক্রিকেট এবং যেকোনো পরিস্থিতির জন্য আপনাকে তৈরি থাকতে হবে।’

 

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি রশিদ খান। সম্প্রতি তারা ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, ওই সিরিজে খেলেননি ডানহাতি এই চ্যাম্পিয়ন স্পিনারটি।

 

৮২টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ১৩০ উইকেট নিয়েছেন রশিদ খান। আর সব মিলে (আন্তর্জাতিক ও ঘরোয়া) টি২০ ম্যাচে নিয়েছেন ৫৫৬ উইকেট। আন্তর্জাতিক টি২০তে তিনি উইকেটে তিন নম্বরে ও সব মিলে টি২০ ম্যাচে উইকেট শিকারে তিনি দ্বিতীয় স্থানে। তার উপরে শুধুই ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬১৯ উইকেট)। ২৫ বছর বয়সী রশিদ খান খুব অল্প সময়ের মধ্যেই হয়তো ব্রাভোকে টপকে শীর্ষে উঠে যাবেন।  

 

রশিদ না থাকলেও ভারতের বিপক্ষে সিরিজে আফগানদের স্পিন অ্যাটাক অংশ বেশ সমৃদ্ধ। মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, নূর আহমাদ, কাইস আহমাদ ও শরাফউদ্দিন আশরাফ রয়েছেন স্পিন ব্রিগেডে।